Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৩৯পিপিপি চুক্তি সম্পাদন ও উহার শর্তাবলি

বলবৎঅষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

অষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

ধারা ৩৯

39. পিপিপি চুক্তি সম্পাদন ও উহার শর্তাবলি (১) চূড়ান্তভাবে নির্বাচিত বেসরকারি অংশীদারের সহিত, এই আইন, প্রবিধান ও সম্মত শর্তাবলি সাপেক্ষে, চুক্তিকারী কর্তৃপক্ষ পিপিপি চুক্তি সম্পাদন করিবে। (২) চুক্তিকারী কর্তৃপক্ষ ও নির্বাচিত বেসরকারি অংশীদারের আইনগত সম্পর্ক, ঝুঁকির বণ্টন ও উহাদের অধিকার ও দায়-দায়িত্ব পিপিপি চুক্তির শর্তাবলি দ্বারা নির্ধারিত হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর পরিধিকে সীমিত না করিয়া, পিপিপি চুক্তিতে নিম্ন-বর্ণিত যে কোনো বা সকল বিষয়াদি সংক্রান্ত বিধান থাকিতে পারিবে, যথা:- (ক) প্রকল্পের ধরন; (খ) পিপিপি চুক্তির মেয়াদ; (গ) গণপণ্য ও গণসেবা; (ঘ) কারিগরি নমুনা ও প্রতিপালন মানদণ্ড; (ঙ) পরিবেশগত ও নিরাপত্তা চাহিদা; (চ) বাস্তবায়ন নির্দেশক এবং সমাপ্তির তারিখ; (ছ) লেভী আদায়ের মাধ্যমে ব্যয় পুনরুদ্ধার পরিকল্পনা ও উহা সমন্বয়ের কৌশল; (জ) নির্মাণ কার্য ও পরিচালনা অঙ্গীকারনামা; (ঝ) বিমা; (ঞ) স্বীকৃতি পরীক্ষা (Acceptance Test) ও পদ্ধতি; (ট) পিপিপি চুক্তির পক্ষসমূহের অধিকার ও দায়িত্ব, ঝুঁকি বণ্টন; (ঠ) সরকারি আর্থিক অংশগ্রহণের ধরন ও পরিমাণ; (ড) পিপিপি চুক্তি সমাপ্তিতে সম্পদ হস্তান্তর (যদি থাকে); (ঢ) হস্তান্তর পরবর্তী নির্ভরপত্র এবং পদ্ধতি; (ণ) প্রতিবেদন দাখিল; (ত) চুক্তিকারী কর্তৃপক্ষের তত্ত্বাবধান কৌশল; (থ) সম্পদের মালিকানা; (দ) প্রাকৃতিক বিপর্যয়কালীন তাৎক্ষণিক পদক্ষেপ; (ধ) নিয়ন্ত্রণকারী আইন (Governing Law); (ন) সালিশী ব্যবস্থা; (প) প্রকল্প এলাকার উপর অধিকার; (ফ) নিরাপত্তা স্বার্থ এবং (ব) চুক্তি বাতিল সংক্রান্ত শর্তাদি। (৪) পিপিপি চুক্তিতে এমন কোনো শর্তের সন্নিবেশ করা যাইবে না যাহা শ্রমিকদের মজুরির মান ও সাধারণ জনগণের সামাজিক সুযোগ-সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শিশুশ্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত কোনো বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ হয়। (৫) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের মর্যাদাসম্পন্ন দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, পিপিপি চুক্তি পক্ষগণের সম্মত ভাষায় প্রণয়ন করা যাইবে। (৬) পিপিপি চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প কোম্পানিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবে।

End of ধারা ৩৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬