জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২১পরিদর্শন, তদন্ত ইত্যাদি সম্পর্কিত ক্ষমতা
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২১
21. পরিদর্শন, তদন্ত ইত্যাদি সম্পর্কিত ক্ষমতা (১) এই আইনের অধীন কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে কমিশন বা কমিশন কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা তদন্ত কর্মকর্তা নিম্নবর্ণিত বিষয়ে দেওয়ানি কার্যবিধির অধীন একটি দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করিবেন, যথা:- (ক) সাক্ষীর সমন ও উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা এবং সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা; (খ) কোনো লিখিত বা মৌখিক সাক্ষ্য শপথের মাধ্যমে প্রদানের জন্য তলব করা; (গ) কোনো ব্যক্তিকে কমিশনের কোনো বৈঠকে উপস্থিত হইয়া সাক্ষ্য দেওয়া বা তাহার দখলে আছে এমন কোনো দলিল উপস্থাপন করিবার জন্য তলব করা; এবং (ঘ) ঘটনাস্থল পরিদর্শন করা ও তথ্য-প্রমাণ সংগ্রহ করা। (২) কমিশন, তৎকর্তৃক নিযুক্ত ব্যক্তি বা তদন্ত কর্মকর্তা কোনো রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান হইতে প্রতিবেদন বা তথ্য-প্রমাণ তলব করিতে পারিবে। (৩) অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেনো, কমিশন উহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে যেকোনো সময় যেকোনো স্থান পরিদর্শন করিতে পারিবে এবং এইরূপ ক্ষেত্রে উক্ত স্থানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ বা তাহাদের অবহিত করিবার আবশ্যকতা প্রযোজ্য হইবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের পরিদর্শন কাজে সহযোগিতা করিবে। (৪) কমিশন উহার কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে কিংবা তদন্ত কার্যক্রমে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বা সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে।