জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৩৩জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট
চতুর্থ অধ্যায় কমিশনের কর্মকর্তা, জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট, তহবিল ইত্যাদি
ধারা ৩৩
33. জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট (১) নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর আচরণ এবং দণ্ডবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল (Optional Protocol to the Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) এর উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট (National Preventive Mechanism Unit), অতঃপর উক্ত ইউনিট বলিয়া উল্লিখিত, গঠন করিবে, যথা:- (ক) চেয়ারপার্সন, যিনি উক্ত ইউনিটের প্রধানও হইবেন; (খ) কমিশন কর্তৃক মনোনীত একজন কমিশনার; এবং (গ) কারাবন্দি বা স্বাধীনতা বঞ্চিতদের অধিকার ও কল্যাণ সংক্রান্ত কাজে অভিজ্ঞ একজন মানবাধিকার কর্মী, যিনি কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হইবেন। (২) উক্ত ইউনিট পেশাগত বৈচিত্র্যের ভিত্তিতে আইন, ফরেনসিক মেডিসিন, মনোবিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য, লিঙ্গ (gender) বা আটক ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৩) উক্ত ইউনিটের নিম্নবর্ণিত দায়িত্ব ও এখতিয়ার থাকিবে, যথা:- (ক) কারাগার, হাজতখানা, শিশু উন্নয়ন কেন্দ্র, কিশোর/কিশোরী সংশোধনাগার, থানা, অভিবাসী আটক কেন্দ্র, মানসিক চিকিৎসা প্রতিষ্ঠান, বন্দি বা আটক ব্যক্তিদের পরিবহন যান, সেফ হোম এবং পরিচর্যা কেন্দ্রসহ যে-সকল স্থানে ব্যক্তিস্বাধীনতা সংকুচিত করা হয়, সেই সকল স্থান চিহ্নিত করা এবং উক্ত স্থানসমূহ নিয়মিত এবং পূর্ব ঘোষণা ব্যতিরেকে পরিদর্শন করা; (খ) ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হইয়াছে এমন ব্যক্তিদের সংখ্যা, পরিচয়, অবস্থান, অবস্থা ও তাহাদের প্রতি আচরণ সংক্রান্ত যেকোনো রেজিস্টার, নথি, রেকর্ড, উপাত্ত, পদ্ধতি ও সামগ্রীসহ প্রাসঙ্গিক সকল তথ্যে অবাধ প্রবেশাধিকার লাভ করা; (গ) ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হইয়াছে এমন ব্যক্তিগণ, তাহাদের স্বজন, আটক কেন্দ্রের কর্মীবৃন্দসহ সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তির একান্ত ও গোপন সাক্ষাৎকার গ্রহণ করা; এবং (ঘ) ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হইয়াছে এমন ব্যক্তিদের সুরক্ষা জোরদারকরণ এবং নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ প্রতিরোধের লক্ষ্যে কমিশনের নিকট সুপারিশ প্রদান করা এবং সুপারিশসমূহের বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। (৪) এই ধারার অধীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে, উক্ত ইউনিট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নির্যাতন প্রতিরোধ বিষয়ক উপকমিটি (Sub-committee on Prevention of Torture), বিভিন্ন দেশের জাতীয় প্রতিরোধ ব্যবস্থা এবং প্রাসঙ্গিক অন্যান্য জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার সহিত পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বজায় রাখিবে। (৫) উক্ত ইউনিট পরিদর্শন ও তদন্ত সম্পর্কিত বিষয়ে ধারা ২১ এ উল্লিখিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। (৬) উক্ত ইউনিটের সুপারিশ কমিশন কর্তৃক অনুমোদিত হইলে কমিশন উহা বাস্তবায়নের জন্য এই আইনের অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (৭) উক্ত ইউনিট তথ্যের গোপনীয়তা ও তথ্য প্রদানকারীর সুরক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে এই আইনে উল্লিখিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। (৮) উক্ত ইউনিটের কার্যাবলি কার্যকরভাবে সম্পাদনের জন্য সরকার প্রয়োজনীয় জনবল, প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রদান করিবে এবং উক্ত ইউনিটের জন্য কমিশন প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখিবে যাহা উক্ত ইউনিটের কার্যকারিতা ও স্বাধীনতা নিশ্চিত করিবার জন্য পর্যাপ্ত হইবে। (৯) উক্ত ইউনিট উহার কার্যক্রম সম্পর্কিত একটি পৃথক বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে এবং নির্ধারিত পদ্ধতিতে উহা দাখিল ও প্রকাশ করিবে এবং একইসঙ্গে উক্ত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নির্যাতন প্রতিরোধ বিষয়ক উপকমিটিতে প্রেরণ করা হইবে। (১০) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের আওতায় জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট কর্তৃক পরিদর্শন ও তদন্ত সম্পর্কিত নীতিমালা প্রণয়ন করিতে পারিবে।