Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ১৪গুমের অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের, তদন্ত ও আমলে গ্রহণ

বলবৎ

ধারা ১৪

14. গুমের অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের, তদন্ত ও আমলে গ্রহণ (১) এই আইনের অধীন গুম-সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হইলে ভুক্তভোগী নিজে অথবা ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী অথবা ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানেন এইরূপ কোনো ব্যক্তি অভিযোগকারী হিসাবে থানায় অভিযোগ দায়ের করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোনো কারণে থানার অফিসার ইনচার্জ অভিযোগ গ্রহণ করিতে অস্বীকার করিলে অভিযোগকারী এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি উপস্থিত হইয়া নালিশি মামলা দায়ের করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) অনুসারে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে থানা, বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালত নালিশি মামলা দায়েরের পর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে। (৩) কোনো শৃঙ্খলা-বাহিনী বা উহার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনীত হইলে সংশ্লিষ্ট শৃঙ্খলা-বাহিনী উক্ত অভিযোগের তদন্ত পরিচালনা করিতে পারিবে না এবং উক্ত ক্ষেত্রে কোনো পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অথবা স্বপ্রণোদিত হইয়া সরকার উক্ত অভিযোগের তদন্তভার অভিযুক্ত শৃঙ্খলা-বাহিনী ব্যতিরেকে অন্য কোনো শৃঙ্খলা-বাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের নিকট অর্পণ করিবে। (৪) কোনো অভিযোগের তদন্ত পরিচালনার দায়িত্ব প্রাপ্তির পর তদন্তকারী কর্মকর্তা ৯০ (নব্বই) দিনের মধ্যে তদন্তকার্য সম্পন্নপূর্বক সংগৃহীত সাক্ষ্যপ্রমাণসহ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করিবেন, তবে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত কোনো কারণে এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালত তদন্তের মেয়াদ ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত বর্ধিত করিতে পারিবে, এবং বর্ধিত সময়ের মধ্যেও তদন্তকার্য সম্পন্ন না হইলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। (৫) তদন্ত সম্পন্ন হইবার পর যাবতীয় সাক্ষ্যপ্রমাণ ও আলামতসহ প্রস্তুতকৃত তদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করিতে হইবে এবং প্রাপ্ত প্রতিবেদন ও তথ্যপ্রমাণ যাচাই-বাছাইপূর্বক সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে অপরাধ আমলে গ্রহণপূর্বক এখতিয়ারসম্পন্ন বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করিবে এবং উহার ভিত্তিতে এখতিয়ারসম্পন্ন বিচারিক আদালত বিচারকার্য শুরু করিবে: তবে শর্ত থাকে যে, ফৌজদারি কার্যবিধি বা অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধ আমলে গ্রহণ করিবার ক্ষেত্রে এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট কর্তৃক সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণের আবশ্যকতা প্রযোজ্য হইবে না।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬