Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ১৭দণ্ড লাঘব যা বৃদ্ধির পরিস্থিতি (Mitigating or aggravating factors)

বলবৎ

ধারা ১৭

17. দণ্ড লাঘব যা বৃদ্ধির পরিস্থিতি (Mitigating or aggravating factors) (১) এই আইনের অধীন কোনো অপরাধের দণ্ড প্রদানের ক্ষেত্রে, আদালত এই ধারায় বর্ণিত লাঘব বা বৃদ্ধির পরিস্থিতি বিবেচনা করিয়া দণ্ড নির্ধারণ করিতে পারিবে। (২) এই আইনের অধীন দণ্ড প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহকে দণ্ড লাঘব পরিস্থিতি (Mitigating factors) হিসাবে গণ্য করা যাইবে, যথা:- (ক) যদি অভিযুক্ত ব্যক্তি গুম হওয়া ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধারে সরাসরি বা কার্যকর ভূমিকা পালন করেন, গুমের প্রকৃত ঘটনা উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন, বা গুমের সহিত জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত বা গ্রেফতার করিতে কার্যকর সহযোগিতা প্রদান করেন; অথবা (খ) আদালত কর্তৃক বিবেচিত অন্য কোনো যুক্তিসঙ্গত পরিস্থিতি। (৩) উপ-ধারা (২) এর অধীন আদালত দণ্ড লাঘব করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলে, এই আইনের ধারা ৫, ৬, ৭, ৮ ও ৯ এ উল্লিখিত কোনো অপরাধের জন্য নির্ধারিত অন্যূন দণ্ডের বিধান প্রযোজ্য হইবে না। (৪) এই আইনের অধীন দণ্ড প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহকে দণ্ড বৃদ্ধির পরিস্থিতি (Aggravating factors) হিসাবে গণ্য করা যাইবে, যথা:- (ক) যদি গুমের শিকার ব্যক্তি শিশু, গর্ভবর্তী নারী, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় কারণে অরক্ষিত বা অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত কেউ হন; অথবা (খ) আদালত কর্তৃক বিবেচিত অন্য কোনো যুক্তিসঙ্গত পরিস্থিতি। (৫) উপ-ধারা (৪) এর অধীন আদালত দণ্ড বৃদ্ধি করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলে, এই আইনের ধারা ৫, ৬, ৭, ৮ ও ৯ এ উল্লিখিত কোনো অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ সীমা অতিক্রম করিবে না। (৬) এই ধারার অধীন আদালত দণ্ড লাঘব বা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করিলে উক্ত লাঘব বা বৃদ্ধির পরিস্থিতি রায়ে লিপিবদ্ধ করিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬