গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ৪গুম
ধারা ৪
4. গুম কোনো সরকারি কর্মচারী বা শৃঙ্খলা-বাহিনীর কোনো সদস্য উক্তরূপ পরিচয়ের বলে নিজে, অথবা শৃঙ্খলা-বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন, সমর্থন বা সম্মতির বলে যেকোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি- (ক) কোনো ব্যক্তিকে গ্রেফতার, আটক, অপহরণ অথবা অন্য কোনোভাবে কোনো ব্যক্তির স্বাধীনতা-হরণ করে; এবং (খ) সেই ব্যক্তির গ্রেফতার, আটক, অপহরণ বা স্বাধীনতা-হরণ করিবার বিষয়টি অস্বীকার করে অথবা উক্ত ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি গোপন রাখে, এবং উক্তরূপ কার্যের ফলে উক্ত ব্যক্তি আইনগত সুরক্ষা হইতে বঞ্চিত হয়- তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য একটি ফৌজদারি অপরাধ যাহা ‘গুম’ হিসেবে গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত কোনো গুম এই আইনের অধীন ‘গুম’ হিসাবে গণ্য হইবে না; উহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত আইনের অধীন গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হইবে: আরও শর্ত থাকে যে, ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি গ্রেফতারের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৩(২) এ নির্ধারিত সময়সীমার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করা হয়, তবে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করিবার পূর্ব পর্যন্ত উক্ত গ্রেফতারের ঘটনা বা গ্রেফতারকৃত ব্যক্তির অবস্থান বা অবস্থা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে প্রকাশ না করা হয় তবে উহা গুম হিসাবে গণ্য হইবে না। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (অ) “অপহরণ” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 362 এ সংজ্ঞায়িত “abduction”; এবং (আ) “স্বাধীনতা-হরণ” অর্থ কোনো ব্যক্তিকে তাহার সম্মতি ব্যতিরেকে কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা।