আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) "অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক” অর্থ ধারা ৭ এর অধীন নিযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এপিবিএন; (২) “অধস্তন কর্মকর্তা (Subordinate Officer)" অর্থ পুলিশ উপ-পরিদর্শক ও পুলিশ সহকারী উপ-পরিদর্শক: (৩) "অধিনায়ক (Commanding Officer)” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি কোনো ব্যাটালিয়ন কমান্ড করেন; (৪) “আর্মড পুলিশ সদস্য” অর্থ কর্মকর্তা ব্যতীত যেকোনো পুলিশ সদস্য; (৫) “ইউনিট” অর্থ এই আইন অনুসারে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPBn), পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ন; (৬) "ইউনিট সদস্য" অর্থ ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পুলিশ সদস্য, নন-পুলিশ কর্মকর্তা ও কর্মচারী; (৭) "উপ-অধিনায়ক” অর্থ অধিনায়ককে সহযোগিতার নিমিত্ত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কিংবা অধিনায়কের অনুপস্থিতিতে তাহার দায়িত্ব পালনকারী কর্মকর্তা; (৮) "ঊর্ধ্বতন কর্মকর্তা (Superior Officer)" অর্থ সহকারী পুলিশ সুপার হইতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা; (৯) “কর্মকর্তা” অর্থ পুলিশ পরিদর্শক হইতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা; (১০) "কোম্পানি” অর্থ কতিপয় সশস্ত্র প্লাটুন সমন্বয়ে গঠিত কোনো কোম্পানি; (১১) "ক্যাম্প” অর্থ নিজ কোম্পানির আওতাধীন এলাকায় মোতায়েনকৃত ইউনিট; (১২) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযোজিত তফসিল; (১৩) "তদন্ত” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর Section 4 এর sub-section (1) এর clause (1) এ সংজ্ঞায়িত Investigation; (১৪) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (১৫) "প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৬) "পুলিশ বাহিনী" অর্থ Police Act, 1861 (Act No. V of 1861) এর অধীন গঠিত বাহিনী; (১৭) "প্লাটুন” অর্থ কতিপয় সশস্ত্র সেকশনের সমন্বয়ে গঠিত কোনো প্লাটুন; (১৮) “ফৌজদারি কার্যবিধি" অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৯) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (২০) “বিশ্বাস করিবার কারণ", "অপরাধমূলক বল প্রয়োগ”, “আক্রমণ", "প্রতারণামূলকভাবে” এবং “স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান" অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এ উল্লিখিত যথাক্রমে, "Reason to Believe", "Criminal Force", "Assault", "Fraudulently" এবং "Voluntarily Causing Hurt"; (২১) “বিশেষ আদালত” অর্থ ধারা ২২ এর অধীন গঠিত বিশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত; (২২) "ব্যাটালিয়ন" অর্থ কতিপয় সশস্ত্র কোম্পানির সমন্বয়ে গঠিত ব্যাটালিয়ন; (২৩) “শৃঙ্খলা বাহিনী” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদে সংজ্ঞায়িত শৃঙ্খলা বাহিনী; (২৪) "সংক্ষিপ্ত আদালত” অর্থ ধারা ২২ এর অধীন গঠিত সংক্ষিপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত; এবং (২৫) "সেকশন” অর্থ একজন অধস্তন কর্মকর্তার নেতৃত্বে নির্ধারিত সংখ্যক আর্মড পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত সেকশন।