বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) 'উপযুক্ত কর্তৃপক্ষ” অর্থ বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা, বা কোম্পানি অথবা সরকার কর্তৃক, সময় সময়, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এতদুদ্দেশ্যে ঘোষিত কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, দপ্তর বা সংস্থা; (খ) "উপযুক্ত স্থান" অর্থ বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য উপযোগী ভবনের ছাদ বা আঙিনা, ভবন সংলগ্ন পতিত জমি বা জলাশয়; (গ) "ওপেক্স মডেল (OPEX Model)" অর্থ Operational Expenditure Model, যাহার অধীন সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে এবং উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী পারস্পরিক সমন্বয় করা হয়; (ঘ) “কাউন্সিল” অর্থ ধারা ১০ এর অধীন গঠিত 'জাতীয় পলিসি কাউন্সিল'; (ঙ) "ক্যাপেক্স মডেল (CAPEX Model)" অর্থ Capital Expenditure Model, যাহার অধীন কোনো প্রতিষ্ঠান তাহার নিজস্ব অর্থায়নে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ক্রয়, স্থাপন ও মালিকানা স্বত্ব সংরক্ষণ করে; (চ) "গ্রাহক" অর্থ যাহার মালিকানাধীন উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হইয়াছে বা হইবে; (ছ) "ছাদ (Rooftop)" অর্থ যেকোনো ভবন, পার্কিংলট, গ্যারেজ, বাণিজ্যিক বা শিল্প স্থাপনা, ইত্যাদির ছাদ অথবা সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত টিনশেড অথবা ভবনের বহির্ভাগে গ্রাহকের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদ্যমান খালি জায়গা বা সীমানা প্রাচীর, যে স্থানে বিতরণ ইউটিলিটির মিটার রহিয়াছে অথবা এমন কোনো সুবিধাজনক এলাকা, যে স্থানে বিতরণ ইউটিলিটি কর্তৃক নেট-মিটারিং পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম স্থাপনের জন্য অনুমোদন করা হইয়াছে; (জ) "নেট-মিটারিং (Net Metering)" অর্থ এমন একটি দ্বিমুখী বিদ্যুৎ পরিমাপ ও বিলিং ব্যবস্থা, যাহার মাধ্যমে কোনো গ্রাহক উপযুক্ত স্থানে স্থাপিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করিয়া উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন এবং গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারের সহিত নির্ধারিত বিলিং মেয়াদে বিদ্যুৎ বিলের সহিত সমন্বয় করেন; এবং উক্ত সমন্বয়ের পর উদ্বৃত্ত বিদ্যুৎ থাকিলে, প্রযোজ্য বিধান ও সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী, উহার মূল্য প্রাপ্য হন; (ঝ) "ফৌজদারি কার্যবিধি" অর্থ The Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (ঞ) "বিতরণ ইউটিলিটি অর্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক যে কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিতরণের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসাবে লাইসেন্স প্রদান করা হইয়াছে; (ট) "বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা" অর্থ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানির প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচপাম্প, সৌরচালিত কোল্ড স্টোরেজ, ইভি চার্জিং স্টেশন, চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমি, ভাসমান সৌরবিদ্যুৎ (Floating Solar), কৃষি সৌরবিদ্যুৎ (Agro-voltaic) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করিয়া স্থাপিত সর্বোচ্চ ৫ (পাঁচ) মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা; তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ (Land-based Solar) ব্যবস্থা ইহার অন্তর্ভুক্ত হইবে না; (ঠ) "সার্ভিস প্রোভাইডার (Service Provider)" অর্থ ধারা ৫ এর অধীন তালিকাভুক্ত ও নির্বাচিত কোনো বিনিয়োগকারী ব্যক্তি, কোম্পানি, যৌথ মূলধনী কারবার বা প্রতিষ্ঠান অথবা কোনো বিতরণ ইউটিলিটি; এবং (ড) "সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি" অর্থ অবৈধ পন্থায় সৌর বিদ্যুৎ সংযোগ বা সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ গ্রহণ করিয়া উহার ভোগ বা ব্যবহার।