Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ৫বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও কার্যাবলী

বলবৎ

ধারা ৫

5. বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও কার্যাবলী এই আইন ও ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশের বিধানাবলী -সাপেক্ষে এবং যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ শর্তাবলী-সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ ক্ষমতা ও কার্যাবলী থাকিবেঃ- [ (ক) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষার অন্যান্য শিক্ষণ-শাখাসমূহ এবং তুলনামূলক আইনবিজ্ঞান ও অনুরূপ অন্যান্য শিক্ষণ-শাখাসমূহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা-চর্চার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় যেরূপ উপযুক্ত মনে করিবে সেরূপ ব্যবস্থা গ্রহণ এবং গবেষণা ও উচ্চতর-গবেষণার ব্যবস্থা গ্রহণসহ জ্ঞানের অগ্রসরতা ও বিকিরণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;] (খ) শিক্ষাক্রম নির্ধারণ; (গ) পরীক্ষা গ্রহণ এবং সেই সকল ব্যক্তিকে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রী ও অন্যান্য [ একাডেমিক] সম্মান মঞ্জুর ও প্রদান করা, যে সকল ব্যক্তি- (কক) বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রদত্ত নির্ধারিত শিক্ষাক্রম অনুসরণ করিয়াছেন, অথবা (খখ) সংবিধিতে বিধৃত শর্তাবলীর অধীন গবেষণা বা ব্যক্তিগত অধ্যয়ন পরিচালনা করিয়াছেন; (ঘ) সংবিধিতে বিধৃত আকারে সম্মানসূচক ডিগ্রী বা অন্যান্য সম্মান প্রদান; (ঙ) বিশ্ববিদ্যালয় যে সকল ব্যক্তিকে স্থির করিয়া দিবেন, সেই সকল ব্যক্তির জন্য বক্তৃতা ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করা এবং সংবিধিতে বিধৃত শর্তাবলীর অধীন তাঁহাদিগকে ডিপ্লোমা সার্টিফিকেট মঞ্জুর করা; (চ) বিশ্ববিদ্যালয় যে প্রকারে এবং যে উদ্দেশ্যে নির্ধারণ করিয়া দিবেন, সেই প্রকারে এবং সেই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কর্তৃপক্ষের সহিত সহযোগিতা করা; (ছ) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় অন্য যে কোন শিক্ষকের পদ প্রবর্তন এবং সংবিধি অনুযায়ী সেইগুলিতে লোক নিয়োগ করা; (জ) নির্ধারিত শর্তাবলী অনুযায়ী ফেলোশীপ, স্কলারশীপ, পুরস্কার ও মেডেল প্রবর্তন ও বিতরণ; (ঝ) অধ্যাদেশ দ্বারা যেরূপ ফিস নির্ধারণ করা হইবে, সেইরূপ ফিস দাবী ও আদায় করা; (ঞ) শিক্ষাদান ও গবেষণার উন্নয়নের জন্য [ একাডেমিক] যাদুঘর, পরীক্ষাগার, বিদ্যালয় ও প্রতিষ্ঠান স্থাপন ও সেইগুলি রক্ষণাবেক্ষণ করা এবং প্রদর্শনীর ব্যবস্থা করা; (ট) ছাত্রাবাসসমূহ স্থাপন ও রক্ষণাবেক্ষণ; (ঠ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাস ও শৃঙখলা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, তাঁহাদের পাঠ্যক্রমবহির্ভূত কার্যাবলীর উন্নতিবর্ধন এবং তাঁহাদের স্বাস্থ্য ও নৈতিক চরিত্রের উৎকর্ষসাধনের জন্য ব্যবস্থা গ্রহণ; (ড) ইহার কার্যাবলী সমপাদনে অথবা এই আইনের উদ্দেশ্য পালনে অন্যান্য যে সকল কাজ প্রয়োজন, প্রসঙ্গিক বা সহায়ক হইবে, সেই সকল কাজ করা।

  1. 11. দফা (ক) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২ নভেম্ভর, ১৯৮২ হইতে কার্যকর।
  2. 12. "একাডেমিক" শব্দটি "অ্যাকাদেমীয়" শব্দটির পরিবর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 13. "একাডেমিক" শব্দটি "অ্যাকাদেমী" শব্দটির পরিবর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০