Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০

ধারা ২৭একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎ

ধারা ২৭

27. একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব (১) একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা-বিষয়ক সংস্থা হইবে এবং এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় এবং উহার আওতার মধ্যে সকল শিক্ষাদান, শিক্ষা এবং পরীক্ষার মান বজায় রাখার ব্যাপারে উক্ত কাউন্সিল দায়ী থাকিবে এবং এই সকল বিষয়ের উপর উহার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের ক্ষমতা থাকিবে, উহা সংবিধি দ্বারা অর্পিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে৷ (২) এই আইন, মঞ্জুরী কমিশন আদেশ ও সংবিধি বিধান এবং ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, শিক্ষা-ধারা ও পাঠ্যক্রম এবং শিক্ষাদান, গবেষণা ও পরীক্ষার সঠিক মান নির্ধারণের জন্য একাডেমিক কাউন্সিল প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷ (৩) ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, একাডেমিক কাউন্সিলের নিম্নরূপ ক্ষমতা থাকিবে, যথা :- (ক) শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করা, (খ) শিক্ষা-সংক্রান্ত বিষয়ে অধ্যাদেশ প্রণয়নের জন্য সিন্ডিকেটের নিকট প্রস্তাব পেশ করা, (গ) গবেষণায় নিয়োজিত ব্যক্তিদের নিকট হইতে রিপোর্ট তলব করা এবং তত্সম্পর্কে সিন্ডিকেটের নিকট সুপারিশ করা, (ঘ) শিক্ষা জীবনের উত্কর্ষ সাধনের প্রয়োজনে মহাবিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্বন্ধকে উত্সাহিত করার জন্য প্রবিধান প্রণয়ন করা, (ঙ) পরীক্ষায় প্রবেশ সংক্রান্ত কোন ব্যাপারে ছাত্রদিগকে কি কি শর্তে রেহাই দেওয়া যায় তাহা স্থির করা, (চ) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহ এবং পাঠ্যক্রম কমিটিগুলি গঠনের জন্য সিন্ডিকেটের নিকট স্কীম পেশ করা, (ছ) বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা এবং উহাদের উন্নয়নের ব্যবস্থা করা, (জ) সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এবং স্কুলের সুপারিশক্রমে সকল পরীক্ষার প্রতিটি পত্রের পাঠ্যক্রম ও পাঠ্যসূচী এবং পঠন ও গবেষণার সীমারেখা নির্ধারণ করা : তবে শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল কেবলমাত্র স্কুলের সুপারিশমালা গ্রহণ, অগ্রাহ্য বা ফেরত্ প্রদান করিতে পারিবে কিন্তু সংশোধন করিতে পারিবে না: আরও শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল এবং স্কুলের মধ্যে কোন মতানৈক্য হইলে সিদ্ধান্তের জন্য উভয় সংস্থার মতামত সিন্ডিকেটের নিকট পেশ করা হইবে এবং এই ব্যাপারে সিন্ডিকেটের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে, (ঝ) এম, ফিল বা ডক্টরেট ডিগ্রীর জন্য কোন প্রার্থী থিসিসের কোন বিষয়ের প্রস্তাব করিলে বোর্ড অব এ্যাডভান্সড্‌ ষ্টাডিজ এর রিপোর্ট বিবেচনার পর তাহা অনুমোদন বা প্রত্যাখ্যান করা : তবে শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল এবং বোর্ড অব এ্যাডভান্সড্‌ ষ্টাডিজ এর মধ্যে কোন মতানৈক্য হইলে সিদ্ধান্তের জন্য উভয় সংস্থার মতামত সিন্ডিকেটের নিকট পেশ করা হইবে এবং এই ব্যাপারে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে; (ঞ) অন্যান্য বিশ্ববিদ্যালয় বা বোর্ডের পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পরীক্ষার সমমানসম্পন্ন হিসাবে স্বীকৃতি দেওয়া, (ট) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও গবেষণার ক্ষেত্রে নবতর উন্নয়নের প্রস্তাবের উপর সিন্ডিকেটকে পরামর্শ দেওয়া, (ঠ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার সংক্রান্ত বিধি প্রণয়ন ও সংশোধন করা, (ড) মহাবিদ্যালয় ও ইনষ্টিটিউটের অধিভুক্তি বা অধিভুক্তি বাতিলের জন্য সিন্ডিকেটের নিকট সুপারিশ করা, (ঢ) বিশ্ববিদ্যালয়ে গবেষণা উন্নয়নের সুপারিশ করা এবং উহার নিকট প্রেরিত শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করা, (ণ) নূতন স্কুল প্রতিষ্ঠা এবং কোন স্কুল, গবেষণা প্রতিষ্ঠান ও যাদুঘরে নূতন বিষয় প্রবর্তনের জন্য প্রস্তাব সিন্ডিকেটের বিবেচনার জন্য পেশ করা, (ত) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক বা অন্যান্য শিক্ষকের পদ সৃষ্টি বা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করা এবং তত্সম্পর্কে সিন্ডিকেটের নিকট সুপারিশ করা৷

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০