Skip to content

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১

ধারা ১০ভোটগ্রহণ

বলবৎ

ধারা ১০

10. ভোটগ্রহণ (১) রাষ্ট্রপতি সংসদ-সদস্যগণের প্রকাশ্য ভোটে নির্বাচিত হইবেন৷ (২) এই আইনের অধীনে কোন নির্বাচনে প্রত্যেক সংসদ-সদস্যের একটি মাত্র ভোট থাকিবে৷ (৩) ভোটগ্রহণের নিমিত্ত নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত করিবেন৷ প্রত্যেকটি ব্যালট পেপারের দুটি অংশ থাকিবে৷ কাউন্টার ফয়েলে প্রত্যেক ভোটারের নাম ও বিভক্তি সংখ্যা মুদ্রিত থাকিবে এবং ভোটারের স্বাক্ষরের জন্য স্থান নির্ধারিত থাকিবে৷ প্রত্যেকটি ব্যালট পেপারের আউটার ফয়েলে প্রত্যেক ভোটারের বিভক্তি সংখ্যা এবং রাষ্ট্রপতি পদ প্রার্থীদের নাম আদ্যাক্ষর অনুযায়ী ক্রমানুসারে সরল রেখার মধ্যে পৃথকভাবে মুদ্রিত থাকিবে এবং প্রত্যেক নামের বিপরীতে ভোটার কর্তৃক স্বাক্ষরের মাধ্যমে ভোট প্রদানের জন্য নির্দিষ্ট স্থান থাকিবে৷ (৪) প্রত্যেক ভোটার তাহার জন্য নির্দ্দিষ্ট ব্যালটের কাউন্টার ফয়েলে নিজ নাম স্বাক্ষর করিয়া ব্যালট পেপার সংগ্রহ করিবেন৷ অতঃপর উহার আউটার ফয়েলে তিনি যে প্রার্থীকে ভোট প্রদান করিবেন তাহার নামের বিপরীতে নির্দ্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করিয়া ভোট প্রদান করিবেন এবং উহা সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখিবেন৷ (৫) নির্বাচন কমিশন প্রয়োজনবোধে সংসদ কক্ষের অভ্যন্তরে একাধিক ভোট কাউন্টার স্থাপন করিতে পারিবেন৷ ব্যাখ্যা৷- এই ধারায়,- (১) “বিভক্তি সংখ্যা” বলিতে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ-সদস্যকে বরাদ্দকৃত বিভক্তি সংখ্যা বুঝাইবে; (২) “আউটার ফয়েল” বলিতে ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়ি ব্যতীত বাকী অংশ বুঝাইবে৷

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১