ধারা ২৬একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব
ধারা ২৬
26. একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব (১) একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক সংস্থা হইবে এবং এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তত্সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন, শিক্ষণ, প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের জন্য দায়ী থাকিবে এবং এই সকল বিষয়ের উপর ইহার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান ক্ষমতা থাকিবে, এবং ইহা শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে৷ (২) ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে একাডেমিক কাউন্সিলের নিম্নরূপ ক্ষমতা থাকিবে, যথা:- (ক) কলেজ, স্কুল ও কেন্দ্রের জন্য পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ; (খ) কলেজ, স্কুল ও কেন্দ্রের শিক্ষা, গবেষণা ও পরীক্ষার মান নির্ণয় এবং ছাত্র ভর্তি, ডিগ্রী ও পরীক্ষার শর্তাবলী নির্ধারণ, পরীক্ষা অনুষ্ঠান, পরীক্ষার ফলাফল প্রকাশ, ছাত্রদের মধ্যে শৃংখলা ও তত্সম্পর্কে শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণার সহিত সম্পৃক্ত সকল বিষয়ে প্রবিধান প্রণয়ন; (গ) অন্যান্য বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান এর ডিগ্রীর স্বীকৃতি ও সমমান নির্ধারণ; (ঘ) কোন কোর্স হইতে কোন ছাত্র বা পরীক্ষার্থীকে অব্যাহতি দান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (ঙ) সংশ্লিষ্ট কমিটিসমূহের সুপারিশক্রমে কোর্স ও সিলেবাস নির্ধারণ, প্রত্যেক কোর্সের জন্য পরীক্ষক প্যানেল অনুমোদন, গবেষণা ডিগ্রীর জন্য গবেষণা প্রস্তাব অনুমোদন এবং এইরূপ প্রত্যেক বিষয়ের পরীক্ষার জন্য পরীক্ষক নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (চ) শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত নীতি নির্ধারণী বিষয়ে সিন্ডিকেটের নিকট প্রস্তাব পেশ এবং প্রশিক্ষণ ও ফেলোশীপ প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ; (ছ) কলেজ, স্কুল, কেন্দ্র বা অন্যান্য প্রতিষ্ঠান সমূহের গুণগত উত্কর্ষতা বৃদ্ধি ও তাহা সংহত করার লক্ষ্যে বিধি বিধান প্রণয়ন এবং দেশ বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এর সহিত যোগসূত্র বা যুগ্ম কার্যক্রম গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (জ) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ব্যবহার ও উন্নয়নের জন্য বিধি প্রণয়ন; (ঝ) সর্বপ্রকার শিক্ষক ও গবেষক এর পদ সৃষ্টি বা সাময়িকভাবে স্থগিতকরণ প্রস্তাব বিবেচনা এবং সিন্ডিকেটের নিকট এতদ্সম্পর্কে সুপারিশকরণ; (ঞ) সিন্ডিকেটের অনুমোদনের জন্য সকল একাডেমিক ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেগুলেশন প্রণয়ন; (ট) সকল প্রকার ছাত্রবৃত্তি, পদক ও পুরস্কার প্রদান বিষয়ে উদ্যোগ গ্রহণ৷ (৩) একাডেমিক কাউন্সিল সংবিধি দ্বারা এবং সিন্ডিকেট কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিবে৷