খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২
ধারা ৪বিধি প্রণয়নের ক্ষমতা
ধারা ৪
4. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা বা সুবিধা প্রদান এবং খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের পদ্ধতি ও তজ্জন্য আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ ও আবেদন ফিস; (খ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের শর্ত; (গ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধা প্রদানজনিত ফরম উহাদের নবায়ন ফরম; (ঘ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধার আবেদন না-মঞ্জুর ও প্রদত্ত লাইসেন্স, ইজারা ও সুবিধা বাতিলের বিষয়; (ঙ) লাইসেন্স প্রাপক বা ইজারা ও সুবিধাগ্রহীতা কর্তৃক প্রদেয় কর, ভাড়া ও রয়্যালটি নির্ধারণ এবং উহা পরিশোধের শর্ত ও নিয়মাবলী; (চ) আকরিক পদার্থের বিশোধন; (ছ) খনিজ সম্পদের উত্পাদন, মজুদকরণ এবং বিতরণ নিয়ন্ত্রণ; (জ) ইঞ্জিন, মেশিন অথবা অন্য সাজসরঞ্জাম নিয়ন্ত্রণের মাধ্যমে খনিজ সম্পদের উন্নয়ন; (ঝ) খনিজ সম্পদের অপচয় রোধ; (ঞ) অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধকরণ এবং অবৈধভাবে উত্তোলিত খনিজ সম্পদ বাজেয়াপ্ত এবং উহাদের ব্যবস্থাপনা; (ট) উপরিউক্ত বিষয়ের জন্য প্রয়োজনীয় ও আনুষংগিক যে কোন বিষয়৷
সূচিপত্র দেখুন: খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২