বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮
ধারা ৩৪হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি
ধারা ৩৪
34. হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি [(১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) [উপাচার্য] কর্তৃক মনোনীত একজন [উপ-উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যনও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে [উপাচার্য] কর্তৃক মনোনীত তিনজন শিক্ষক; (গ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল); (ঘ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এমন দুইজন সিন্ডিকেট সদস্য; (চ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ছ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (জ) যুগ্ম-সচিব (হাসপাতাল), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার সচিবও হইবেন।] (২) কমিটিতে মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ বত্সর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন৷ (৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিম্নরূপ হইবে, যথা - (ক) হাসপাতাল পরিচালনা; (খ) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন ও তত্ত্বাবধান; (গ) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ দায়িত্বপালন ও নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণ; (ঘ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান; (ঙ) ঔষধপত্র, এম,এস,আর সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ; (চ) রোগীর পথ্য/খাদ্য সরবরাহ; (ছ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ; (জ) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিধান; (ঝ) পানি, বিদ্যুত্, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ৷