Skip to content

কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮

ধারা ১৬ব্যাংকের কার্যাবলী

বলবৎ

ধারা ১৬

16. ব্যাংকের কার্যাবলী ব্যাংক জামানত লইয়া বা জামানত ব্যতিরেকে, নগদে বা অন্য কোন প্রকারে, সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম, বিশেষ করিয়া, বেকার যুবদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করিবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় আরোপিত শর্তাবলী সাপেক্ষে নিম্নবর্ণিত সকল বা যে কোন কার্য করিতে পারিবে, যথা:- (ক) সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানী, ব্যাংকের ঋণ গ্রহীতা এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত একক ব্যক্তি নহেন এমন অন্য কোন ব্যক্তি হইতে আমানত গ্রহণ করা; (খ) ব্যবসা পরিচালনার জন্য উহার সম্পদ বা অন্য কিছু জামানত রাখিয়া ঋণ গ্রহণ করা; (গ) ব্যাংক প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জামানত হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্লেজ (pledge), বন্ধক, হাইপোথিকেশন (hypothecation) বা স্বত্বনিয়োগ (assignment) গ্রহণ করা; (ঘ) কোন সংবিধিবদ্ধ সংস্থার শেয়ার খরিদ করা; (ঙ) সেভিংস সার্টিফিকেট, মালিকানা দলিল বা অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদ হেফাজতে রাখিবার জন্য গ্রহণ করা; (চ) যে কোন ধরনের তহবিল বা ট্রাষ্ট গঠন, উহাদের পরিচালন ও নিয়ন্ত্রণ এবং উক্তরূপ তহবিল বা ট্রাষ্টের শেয়ার ধারণ ও বিলিবণ্টন করা; (ছ) ঋণের অর্থ বিনিয়োগের ব্যাপারে ব্যাংকের ঋণ গ্রহীতাগণকে পরামর্শ প্রদান করা; (জ) সরকার কর্তৃক অনুমোদিত খাতে ব্যাংকের তহবিল বিনিয়োগ করা; (ঝ) বেকারদের প্রশিক্ষণ, কল্যাণ ও উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরিচালনা করা; (ঞ) দেশের অভ্যন্তরে অর্থ এবং সিকিউরিটিজ গ্রহণ, সংগ্রহ, প্রেরণ ও পরিশোধ করা; (ট) ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে বাসস্থানসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন, ব্যবস্থাপনা ও হস্তান্তর করা; (ঠ) বেকারদের বিনিয়োগ সম্পর্কে পরামর্শদান করা; (ড) বেকার কর্মশক্তিকে কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ কুটির শিল্পে বিনিয়োগে উত্সাহ প্রদান করা; (ঢ) ঋণ গ্রহীতাদের ব্যবস্থাপনা, বিপণন, কারিগরী ও প্রশাসনিক সহায়তা প্রদান করা; (ণ) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলা বা উহাদের সহিত চুক্তি সম্পাদন করা অথবা উহাদের এজেন্ট হিসাবে কার্য সম্পাদন করা; (ত) ব্যাংক কর্তৃক অর্জিত সকল সম্পত্তি বিক্রয় ও ব্যবস্থাপনা; (থ) কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের অনুমোদন সাপেক্ষে কোন দাতা সংস্থা বা প্রতিষ্ঠান হইতে ঋণ অথবা অনুদান গ্রহণ করা; (দ) দেশে কর্মসংস্থান, বিশেষ করিয়া, আত্ম-কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, গবেষণা এবং প্রকাশনার ব্যবস্থা গ্রহণ করা; (ধ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অন্য যে সব কার্য ব্যাংক কর্তৃক করা যাইতে পারে বলিয়া নির্দিষ্ট করা হয় সেই সকল কার্য করা; (ন) এই আইনের উদ্দেশ্যের সহিত সংগতিপূর্ণ অন্য যে কোন প্রয়োজনীয় ও প্রাসংগিক কার্য করা৷

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮