Skip to content

ডিপজিটরি আইন, ১৯৯৯

ধারা ১১ডিপজিটরি, অংশগ্রহণকারী, ইস্যুয়ার ও হিসাব ধারকের দায়িত্ব, ইত্যাদি

বলবৎ

ধারা ১১

11. ডিপজিটরি, অংশগ্রহণকারী, ইস্যুয়ার ও হিসাব ধারকের দায়িত্ব, ইত্যাদি (১) কোন অংশগ্রহণকারী বা প্রত্যক্ষ হিসাব ধারকের নিকট হইতে নির্দেশ প্রাপ্তির পর ডিপজিটরি প্রবিধান অনুযায়ী ডিপজিটরি রেজিস্টারে হালনাগাদ করণের মাধ্যমে কোন মালিকানা হস্তান্তর কার্যকর করিবার অধিকারী হইবে৷ (২) ডিপজিটরি কোন ইস্যুয়ারের সদস্য হইবে না৷ (৩) ডিপজিটরি, প্রবিধান দ্বারা নির্ধারিত পন্থায়, ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ বৈধ মালিকানাধারী ব্যক্তি সম্পর্কে ইস্যুয়ারকে তথ্য সরবরাহ করিবে এবং উক্ত ব্যক্তি ইস্যুয়ারের সদস্য হইবেন৷ (৪) ইস্যুয়ার কোন কোম্পানীর সদস্য সম্পর্কে উপ-ধারা (৩) এর অধীন ডিপজিটরি কর্তৃক সরবরাহকৃত তথ্যের উপর নির্ভর করিবে৷ (৫) কোম্পানী আইনে যাহা কিছুই থাকুক না কেন, ইস্যুয়ার উহার কোম্পানী রেজিস্টারে ডিপজিটরিতে রক্ষিত সিকিউরিটিজসমূহের একটি পৃথক অংশ খুলিবে ও উহা সংরক্ষণ করিবে৷ (৬) প্রবিধান দ্বারা নির্ধারিতভাবে ব্যতীত কোন ডিপজিটরি বা উহার কোন পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোন ব্যক্তি কোন হিসাব ধারক সম্পর্কিত কোন দলিল বা তথ্য বিষয়ে কোনভাবে জ্ঞাত হইলে তিনি উক্ত তথ্য বা দলিল অন্য কোন ব্যক্তির নিকট প্রকাশ, ফাঁস বা অন্যভাবে ব্যক্ত করিবেন না৷ (৭) কোন অংশগ্রহণকারী তাহার মক্কেল কর্তৃক প্রদত্ত লিখিত ক্ষমতাবলে উক্ত মক্কেলের নামে ডিপজিটরিতে পৃথক হিসাব না খুলিয়া একটি মিলিত হিসাবে সিকিউরিটি লিপিবদ্ধ করিতে পারিবে৷ (৮) কোম্পানীর সংঘস্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোন সুবিধাভোগী মালিক কোন হিসাব ধারকের পক্ষে প্রক্সি হিসাবে কাজ করিবার জন্য নিয়োগপ্রাপ্ত হইতে পারিবেন৷ (৯) কোন অংশগ্রহণকারী, মক্কেল কর্তৃক প্রদত্ত লিখিত নির্দেশ বা ক্ষমতা ব্যতিরেকে, মক্কেল কর্তৃক সুবিধাভোগী বা নিয়ন্ত্রণকারী হিসাবে মালিকানাপ্রাপ্ত কোন সিকিউরিটির লেনদেন করিবে না অথবা লেনদেন করার জন্য কাহাকেও ক্ষমতা বা অনুমতি প্রদান করিতে পারিবে না৷ (১০) ডিপজিটরি, প্রবিধান দ্বারা নির্ধারিত পন্থায় ও নির্দিষ্টকৃত সময়ের মধ্যে, ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ শেয়ার লেনদেনের তথ্য অংশ গ্রহণকারীকে সরবরাহ করিবে৷ (১১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ডিপজিটরি কর্তৃক শেয়ার লেনদেনে প্রদত্ত কোন সেবার জন্য গ্রাহক কর্তৃক প্রদেয় ফি প্রবিধান দ্বারা নির্ধারিত হইতে হইবে৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: ডিপজিটরি আইন, ১৯৯৯