Skip to content

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

প্রথম তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি

বলবৎ

প্রথম তফসিল

তফসিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৩৭(২) দ্রষ্টব্য]

প্রথম তফসিল, ক্রমিক ১

১। সংজ্ঞা.— বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে- (ক) "আইন" অর্থ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১; এবং (খ) "কর্তৃপক্ষ", "কর্মকর্তা", "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক" এবং "রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট" অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, কর্মকর্তা, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট।

প্রথম তফসিল, ক্রমিক ২

২। অনুষদ.— (১) কোন অনুষদ উহার ডীন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ডীন, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানগণ; (গ) অনুষদের দশ জন অধ্যাপক, যাঁহারা ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে মনোনীত হইবেন; (ঘ) অধ্যাপক ও চেয়ারম্যানগণ ব্যতীত অনুষদের বিভিন্ন বিষয়ের পাঁচজন শিক্ষক, যাঁহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; (ঙ) অনুষদের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের বিষয়ের সহিত গুরম্নত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ে অনধিক তিনজন শিক্ষক, যাঁহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন তিনজন ব্যক্তি, যাহারা বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে দুই বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক অনুষদের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে- (ক) অনুষদের জন্য পাঠ্যসূচী, পাঠ্যক্রম ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠ্যসূচী ও পাঠ্যক্রমের জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠ্যক্রম কমিটিসমূহ গঠন করা; (খ) অনুষদের বিষয়সমূহের পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরীক্ষকদের নাম সুপারিশ করা; (গ) ডিগ্রী, ডিপ্লোমা, সার্টিফিকেট এবং অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলী একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (ঘ) অনুষদের বিভাগসমূহের শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; এবং (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।

প্রথম তফসিল, ক্রমিক ৩

৩। পাঠ্যক্রম কমিটিসমূহ.— (১) প্রত্যেক বিভাগে একটি পাঠ্যক্রম কমিটি থাকিবে। পাঠ্যক্রম কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) বিভাগীয় চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিভাগের শিক্ষকগণ; (গ) অন্য কোন বিশ্ববিদ্যালয় হইতে ডীন কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ের দুইজন শিক্ষক; এবং (ঘ) সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে দুইজন বিশেষজ্ঞ সদস্য এই সদস্যগণের একজন হইবেন কোন গবেষণা প্রতিষ্ঠানের সহিত এবং অপর জন হইবেন বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে জড়িত ব্যক্তি এবং উভয় সদস্যই একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (২) পাঠ্যক্রম কমিটি পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন করিবে এবং অনুষদ, একাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবে। (৩) বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষা বিভাগ না থাকিলে, অনুষদের ডীন এবং এই বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে ডীন কর্তৃক মনোনীত উক্ত বিষয়ের পাঁচজন শিক্ষক সমন্বয়ে পাঠ্যক্রম কমিটি গঠিত হইবে। (৪) কমিটিতে মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে এক বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। বিভাগ ৪। (১) বিভাগীয় চেয়ারম্যান অন্যান্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (২) প্রত্যেক বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে তিন বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর জ্যেষ্ঠতম তিনজন সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে একজনকে পালাক্রমে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করিবেন: আরো শর্ত থাকে যে, যদি কোন বিভাগে সহযোগী অধ্যাপক না থাকেন তাহা হইলে বিভাগের প্রবীণতম শিক্ষকদের মধ্য হইতে চেয়ারম্যান নিয়োগ করা হইবে। ব্যাখ্যা: এই সংবিধির জন্য পদবী ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবী ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরীকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৩) ডীনের সাধারণ তত্ত্বাবধানে বিভাগীয় চেয়ারম্যান বিভাগের অন্যান্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কর্মকা-ের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (৪) একাডেমিক কাউন্সিল এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, বিভাগীয় চেয়ারম্যান তাঁহার বিভাগে শিক্ষাদান ও গবেষণা সংগঠন ও পরিচালনার জন্য ডীনের নিকট দায়ী থাকিবেন। (৫) প্রত্যেক বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের সাধারণ তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং চেয়ারম্যান বিভাগের রম্নটিন কার্যাদি সম্পাদন করিবেন। (৬) বিভাগের নীতি নির্ধারণ বিষয়াদি বিভাগীয় একাডেমিক কমিটি এবং বিভাগীয় প্ল্যানিং কমিটির আওতাভুক্ত থাকিবে। (৭) বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা- (ক) ছাত্র ভর্তি; (খ) পাঠ্যসূচী; (গ) পরীক্ষা; (ঘ) শিক্ষাদান; এবং (ঙ) ছাত্র-ছাত্রীদের শিক্ষা-সহায়ক কার্যাবলী। (৮) বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্ল্যানিং কমিটি গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন তিনজন হইতে হইবে। (৯) প্ল্যানিং কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা- (ক) বিভাগের সম্প্রসারণ; এবং (খ) শিক্ষক, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ।

প্রথম তফসিল, ক্রমিক ৫

৫। পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি.— পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা:- (১) ঠিকাদার তালিকাভুক্তকরণ, দরপত্র বাছাই ও ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদন; (২) পূর্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন, পূর্ত কর্মসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন; এবং (৩) ভাইস-চ্যান্সেলর অথবা রিজেন্ট বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাদি সম্পাদন।

প্রথম তফসিল, ক্রমিক ৬

৬। বাছাই বোর্ড.— (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য একটি বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) কোন বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন একজন বিশেষজ্ঞসহ চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশেষজ্ঞ; (গ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশেষজ্ঞ, যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; এবং (ঘ) রিজেন্ট বোর্ড কর্তৃক মনোনীত দুইজন বিশেষজ্ঞ, যাঁহাদের মধ্যে একজন হইবেন এমন ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন। (২) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের জন্য একটি বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) সংশ্লিষ্ট অনুষদের ডীন; (ঘ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশেষজ্ঞ, যাঁহারা বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (ঙ) বিভাগীয় চেয়ারম্যান; (চ) রিজেন্ট বোর্ড কর্তৃক অন্যান্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংস্থা হইতে মনোনীত একজন বিশেষজ্ঞ; এবং (ছ) রিজেন্ট বোর্ড কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ। (৩) বাছাই বোর্ড প্রত্যেক দুই বৎসর অন্তর পুনর্গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নূতন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বোর্ড বলবৎ থাকিবে। (৪) কোন বাছাই বোর্ডের সুপারিশের সহিত রিজেন্ট বোর্ড একমত না হইলে বিষয়টি উক্ত বোর্ড কর্তৃক চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইবে এবং এই ব্যাপারে তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। ডরমিটরী ৭। (১) ডরমিটরী তত্ত্বাবধায়ক ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে তিন বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন। (২) রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের ডরমিটরীসমূহের নামকরণ করিবে। হোস্টেল ৮। কোন অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত হোস্টেলের তত্ত্বাবধায়ক হোস্টেল রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, নিয়োগ করা হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৯

৯। সম্মানসূচক ডিগ্রী.— কোন ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রী প্রদানের কোন প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক, রিজেন্ট বোর্ডের নিকট প্রেরিত হইলে এবং রিজেন্ট বোর্ড প্রস্তাবটি অনুমোদন করিলে উহা চ্যান্সেলরের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে এবং চ্যান্সেলর কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হইলে সম্মানসূচক ডিগ্রী প্রদান করা যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১০

১০। রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট.— (১) গ্রাজুয়েট হওয়ার পর কমপক্ষে পাঁচ বৎসর অতিক্রান্ত হইলে বিশ্ববিদ্যালয়ের কোন গ্রাজুয়েট মাত্র দুইশত টাকা ফিস প্রদান করিয়া রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিস্টারে তাঁহার নাম অন্তর্ভুক্ত করার অধিকারী হইবেন। (২) উপ-অনুচ্ছেদ (১) অনুযায়ী দরখাস্তকারী ব্যক্তিকে রেজিস্ট্রেশন ফিস প্রদানের তারিখ হইতে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে তালিকাভুক্ত করা হইবে এবং উপ-অনুচ্ছেদ (৫) এর বিধান অনুযায়ী রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিস্টার হইতে তাহার নাম বাদ না দেওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এইরূপ তালিকাভুক্ত থাকিবেন। (৩) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে তালিকাভুক্ত কোন ব্যক্তি মাত্র দুইশত টাকা বার্ষিক ফিস প্রদান করিয়া আজীবন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটের সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী হইবেন: তবে শর্ত থাকে যে, কোন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট তাঁহার নাম রেজিস্ট্রিকরণের প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে পনের বৎসরের বার্ষিক ফিস প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোন ফিস প্রদান না করিয়াই রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন: আরও শর্ত থাকে যে, কোন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট উপরোক্তভাবে রেজিস্টারভুক্ত হওয়ার পর যে কোন সময়ে বার্ষিক ফিস বাবদ একত্রে মাত্র এক হাজার টাকা প্রদান করিয়া অনুরূপ ফিস প্রদানের তারিখ হইতে আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোন ফিস প্রদান না করিয়া রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটের সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন: আরও শর্ত থাকে যে, বকেয়া ফিস পরিশোধ না করার কারণে যাঁহার নাম রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের তালিকা হইতে বাদ দেওয়া হইয়াছে, তিনি এককালীন এক হাজার টাকা পরিশোধ করিলে আজীবন সদস্যরূপে রেজিস্টারভুক্ত হইতে পারিবেন। (৪) কোন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট তাহার প্রদেয় বার্ষিক ফিস শিক্ষা বৎসরের যে কোন সময়ে প্রদান করিতে পারিবেন; তবে বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত তারিখের মধ্যে তিনি কোন শিক্ষা বৎসরের বকেয়া ফিস প্রদানে ব্যর্থ হইলে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বৎসরে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটের অধিকার প্রয়োগ বা সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী হইবেন না এবং তাঁহার নাম উক্ত তালিকা হইতে বাদ দেওয়া হইবে। (৫) কোন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট কোন শিক্ষা বৎসরে প্রদেয় বার্ষিক ফিস প্রদানে ব্যর্থ হইলে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের তালিকা হইতে তাঁহার নাম বাদ দেওয়া হইবে: তবে শর্ত থাকে যে, তিনি পরবর্তী শিক্ষা বৎসরে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে পুনরায় তালিকাভুক্ত হইতে পারিবেন যদি তিনি পুনঃতালিকাভুক্তির বৎসর পর্যন্ত সকল বকেয়া ফিস পরিশোধ করেন। (৬) বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত ফর্মে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে তালিকাভুক্তি বা পুনঃভর্তির জন্য আবেদন করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ফিস বাবদ দুইশত টাকা প্রদান করা না হইলে পুনঃতালিকাভুক্তি বা পুনঃভর্তির কোন আবেদন গ্রহণ করা হইবে না। (৭) গ্রাজুয়েটদের তালিকাভুক্তি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক নিষ্পত্তি করা হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) রিজেন্ট বোর্ড কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য; (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য। (৮) উপ-ধারা (৭) এর অধীন গঠিত ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি তৎকর্তৃক স্থিরীকৃত হইবে। (৯) তালিকাভুক্তি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিষ্পত্তিতে উপ-ধারা (৭) এর অধীনে গঠিত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। (১০) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করার অধিকারী হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১১

১১। কর্মকর্তাগণের নিয়োগ.— (১) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক এবং সমপদমর্যাদাসম্পন্ন ও সমবেতনের অন্যান্য কর্মকর্তাগণ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বাছাই বোর্ডের সুপারিশক্রমে রিজেন্ট বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য; (ঙ) রিজেন্ট বোর্ডের একজন সদস্যসহ উক্ত বোর্ড কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ, যিনি বিশ্ববিদ্যালয়ে কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট ব্যক্তি; এবং (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা। (২) অনুচ্ছেদ (১)-এ উল্লিখিত কর্মকর্তা ব্যতীত অন্যান্য কর্মকর্তাগণ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বাছাই বোর্ডের সুপারিশক্রমে রিজেন্ট বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন ডীন; (ঙ) রিজেন্ট বোর্ড কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ে কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) রিজেন্ট বোর্ড কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ।

প্রথম তফসিল, ক্রমিক ১২

১২। রেজিস্ট্রারের কর্তব্য.— রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তা হইবেন, এবং তিনি- (ক) বিশ্ববিদ্যালয়ের দলিলপত্র ও সাধারণ সীলমোহর এবং রিজেন্ট বোর্ড কর্তৃক তাঁহার তত্ত্বাবধানে অর্পিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন; (খ) সাধারণতঃ বিশ্ববিদ্যালয়ের অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান-প্রদান করিবেন; (গ) একাডেমিক কাউন্সিলের সচিব হইবেন; (ঘ) একাডেমিক কাউন্সিলের সভায় রেজিস্ট্রার সচিব হিসাবে উপস্থিত থাকিয়া ঐ সকল সভার কার্যবিবরণী লিপিবদ্ধ এবং রক্ষণাবেক্ষণ করিবেন; (ঙ) বক্তৃতা, হাতে-কলমে প্রদর্শন, টিউটরিয়াল, পরীক্ষাগারের কাজ, গবেষণা, ব্যক্তিগত পড়াশোনাসহ একাডেমির শিক্ষকম-লীর কাজের সময়সূচী ও ব্যক্তিগত পথ নির্দেশনার মাধ্যমে ছাত্রদের সহিত যোগাযোগ স্থাপন এবং তাহাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলীর তদারকীর ব্যাপারে ডীন ও বিভাগীয় চেয়ারম্যানের সহিত যোগাযোগ রক্ষা করিবেন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাঁহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন রক্ষণাবেক্ষণ করিবেন; এবং (ছ) একাডেমিক কাউন্সিল এবং রিজেন্ট বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৩

১৩। অন্যান্য কর্মকর্তাগণের কর্তব্য.— অন্যান্য কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত এবং রিজেন্ট বোর্ড ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত কর্তব্য পালন করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৪

১৪। শিক্ষাক্রম.— আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।

প্রথম তফসিল, ক্রমিক ১৫

১৫। সংবিধির ব্যাখ্যা.— এই সংবিধির কোন বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর রিজেন্ট বোর্ডের প্রতিবেদনসহ উহা চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্‌বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। ______

End of প্রথম তফসিল to প্রথম তফসিল, ক্রমিক ১৫.

সূচিপত্র দেখুন: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১