চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩
প্রথম তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি
প্রথম তফসিল
তফসিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৩৬(২) দ্রষ্টব্য]
প্রথম তফসিল, ক্রমিক ১
১। সংজ্ঞা.— বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে- (ক) "আইন" অর্থ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩; এবং (খ) "কর্তৃপক্ষ", "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক", "কর্মকর্তা" এবং "কর্মচারী" অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা এবং কর্মচারী।
প্রথম তফসিল, ক্রমিক ২
২। অনুষদ.— (১) কোন অনুষদ উহার ডীন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ডীন, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের প্রধানগণ; (গ) অনুষদভুক্ত বিভাগসমূহের সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (ঘ) অনুষদের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের বিষয়ের সহিত গুরম্নত্বপূর্ণভাবে সর্ম্পকযুক্ত এমন বিষয়ে অনধিক তিনজন শিক্ষক, যাঁহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (ঙ) অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন দুইজন ব্যক্তি, যাঁহারা বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে তিন বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক অনুষদের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে- (ক) অনুষদের জন্য পাঠ্যসূচী, পাঠ্যক্রম ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠ্যসূচী ও পাঠ্যক্রমের জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে একাডেমিক কমিটি গঠন করা; (খ) ডিগ্রী, ডিপ্লোমা, সার্টিফিকেট এবং অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলী একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (গ) অনুষদের বিভাগসমূহের শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; এবং (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। একাডেমিক কমিটি ৩। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে প্রত্যেক বিভাগে স্নাতক পর্যায়ে একটি একাডেমিক কমিটি থাকিবে, যথা:- (ক) বিভাগীয় প্রধান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিভাগের শিক্ষকগণ; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অন্য কোন বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ের সহযোগী অধ্যাপকের নীচে নয় এমন একজন শিক্ষক; এবং (ঘ) সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে বাণিজ্য, শিল্প বা গবেষণা প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে জড়িত একজন বিশেষজ্ঞ সদস্য একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (২) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে প্রত্যেক বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে একটি একাডেমিক কমিটি থাকিবে, যথা:- (ক) বিভাগীয় প্রধান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) পাঠদানকারী সকল শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অন্য কোন বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সর্ম্পকযুক্ত বিষয়ের একজন অধ্যাপক; এবং (ঘ) সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে বাণিজ্য, শিল্প বা গবেষণা প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে জড়িত একজন বিশেষজ্ঞ সদস্য একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (৩) একাডেমিক কমিটি পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন করিবে এবং অনুষদ, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবে। (৪) একাডেমিক কমিটি বিভাগের বিষয়সমূহ পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরীক্ষকদের নাম সুপারিশ করিবে। (৫) একাডেমিক কমিটি এর মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে তিন বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মনোনীত সদস্যদের মনোনয়নের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহাদের স্থলাভিষিক্ত ব্যক্তিগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা তাঁহাদের পদে বহাল থাকিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৪
৪। পরিকল্পনা ও উন্নয়ন কমিটির দায়িত্ব.— পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পর্যালোচনা ও মূল্যায়ন এবং এতদ্সম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান; (খ) পূর্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন, পূর্ত কর্মসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন; (গ) ঠিকাদার তালিকাভুক্তকরণ, দরপত্র বাছাই ও ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদন; এবং (ঘ) ভাইস-চ্যান্সেলর অথবা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাদি সম্পাদন।
প্রথম তফসিল, ক্রমিক ৫
৫। সিলেকশন কমিটি.— (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত দুই জন সদস্য; (ঘ) অপর কোন বিশ্ববিদ্যালয়ের অন্যূন একজন বিশেষজ্ঞসহ চ্যান্সেলর কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে তিনজন বিশেষজ্ঞ; এবং (ঙ) সংশ্লিষ্ট অনুষদের ডীন। (২) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞসহ দুইজন সদস্য; (ঘ) সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান; এবং (ঙ) সংশ্লিষ্ট অনুষদের ডীন। (৩) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, এবং সমপদমর্যাদাসম্পন্ন ও সমবেতনের অন্যান্য কর্মকর্তা নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের একজন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (ঙ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট ব্যক্তি; (চ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; এবং (ছ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ। (৪) উপ-অনুচ্ছেদ (৩)-এ উল্লেখিত কর্মকর্তা ব্যতীত অন্যান্য কর্মকর্তা নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ; এবং (চ) সংশ্লিষ্ট অফিস প্রধান। (৫) কর্মচারী নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, কিংবা তাহার মনোনীত কোন ব্যক্তি; যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ; এবং (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার একজন সদস্য। (৬) কোন সিলেকশন কমিটির মনোনীত কোন সদস্য দুই বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। (৭) সিলেকশন কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দান করিবে। (৮) কোন সিলেকশন কমিটির সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি উক্ত কমিটি কর্তৃক চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইবে এবং এই ব্যাপারে তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৯) সিলেকশন কমিটি বিশেষ ক্ষেত্রে বিশিষ্ট বিদ্বান বা প-িত (Scholar) ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে, অধ্যাপক পদে নিয়োগের বিষয়ে সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে এবং সিন্ডিকেট তাহা বিবেচনা করিতে পারিবে।
প্রথম তফসিল, ক্রমিক ৬
৬। অন্যান্য কর্মকর্তাগণের কর্তব্য.— আইনের ধারা ৮ এ বর্ণিত কর্মকর্তা ব্যতীত অন্যান্য কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক ন্যস্ত কর্তব্য পালন করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৭
৭। হল.— (১) হল প্রভোস্ট ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে দুই বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন। (২) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নামকরণ করিবে।
প্রথম তফসিল, ক্রমিক ৮
৮। সম্মানসূচক ডিগ্রী.— কোন ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রী প্রদানের কোন প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটি অনুমোদন করিলে, উহা চ্যান্সেলরের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে এবং চ্যান্সেলর কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হইলে সম্মানসূচক ডিগ্রী প্রদান করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৯
৯। শিক্ষাক্রম.— আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।
প্রথম তফসিল, ক্রমিক ১০
১০। উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি.— উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি গঠন, ইহার ক্ষমতা ও কার্যাবলী বিশ্ববিদ্যালয়ের বিধান দ্বারা নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১১
১১। কোরাম.— অন্য কোনভাবে কর্তৃপক্ষ, কমিটি বা সংস্থার সভার কোরাম নির্ধারণ করা না হইলে, প্রত্যেক কর্তৃপক্ষ, কমিটি বা সংস্থার সভায় উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতি দ্বারা সংশ্লিষ্ট সভার কোরাম হইবে এবং এই ব্যাপারে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১২
১২। অবসর.— (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ৬০ বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (২) উপ-অনুচ্ছেদ (১) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের পূর্বানুমোদনক্রমে, সিন্ডিকেট প্রয়োজনবোধে কোন শিক্ষকের চাকুরীর মেয়াদ ৬৫ বৎসর বয়স পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন শিক্ষকের চাকুরীর মেয়াদ এক নাগাড়ে দুই বৎসরের বেশী বৃদ্ধি করা যাইবে না: আরো শর্ত থাকে যে, কোন শিক্ষকের অবসরজনিত সুবিধাদি প্রদানের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ গণ্য করা যাইবে না।
প্রথম তফসিল, ক্রমিক ১৩
১৩। আনুতোষিক.— কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অন্যূন পাঁচ বৎসর কিন্তু দশ বৎসরের কম চাকুরী করার পর চাকুরী হইতে অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে বা পদ অবলুপ্তির কারণে তাঁহার চাকুরীর অবসান ঘটিলে তাঁহাকে বা তাঁহার মৃত্যু হইলে তাঁহার পরিবারকে, তিনি যত বৎসরের চাকুরী করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসরের জন্য তাঁহার সর্বশেষ মাসিক মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক হিসাবে প্রদান করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৪
১৪। অবসর ভাতা.— কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অন্যূন দশ বৎসর চাকুরী করার পর অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে অথবা তাঁহার মৃত্যু হইলে বা পদ অবলুপ্তির কারণে তাঁহার চাকুরীর অবসান ঘটিলে অনুরূপ ক্ষেত্রে কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী সম্পর্কে সরকার সময় সময় অবসর ভাতার যে হার নির্ধারণ করে সেই হারে তাঁহাকে বা, তাঁহার মৃত্যু হইলে, তাঁহার পরিবারকে অবসর ভাতা প্রদান করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৫
১৫। সাধারণ ভবিষ্য তহবিল.— (১) বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের জন্য একটি সাধারণ ভবিষ্য তহবিল গঠন করিবে এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপ-অনুচ্ছেদ (২) এর বিধান মোতাবেক উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবেন। (২) সরকার কর্তৃক উহার কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্য তহবিল সম্পর্কে প্রণীত বিধিমালা, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৬
১৬। পূর্বে গঠিত ভবিষ্য তহবিলের কার্যকারিতা বিলোপ.— এই সংবিধি প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী, চট্টগ্রাম কর্তৃক গঠিত কোন ভবিষ্য তহবিলের কার্যকারিতা এই সংবিধি প্রবর্তনের সংগে সংগে বন্ধ হইয়া যাইবে এবং উক্ত তহবিলে জমাকৃত সকল অর্থ উহার উপর অর্জিত সুদসহ অনুচ্ছেদ ১৫ অনুযায়ী গঠিত সাধারণ ভবিষ্য তহবিলে স্থানান্তরিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৭
১৭। সংবিধির ব্যাখ্যা.— এই সংবিধির কোন বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। ______
সূচিপত্র দেখুন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩