জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
ধারা ১৮জন্ম বা মৃত্যু সনদের সাক্ষ্য মূল্য
অধ্যায়-৪ বিবিধ
ধারা ১৮
18. জন্ম বা মৃত্যু সনদের সাক্ষ্য মূল্য (১) কোন ব্যক্তির বয়স, জন্ম ও মৃত্যু বৃত্তান্ত প্রমাণের ক্ষেত্রে কোন অফিস বা আদালতে বা স্কুল-কলেজে বা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এই আইনের অধীন প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ সাক্ষ্য হিসাবে বিবেচ্য হইবে৷ (২) নিবন্ধন সংক্রান্ত সকল নথিপত্র ও নিবন্ধন বহি The Evidence Act, 1872 (Act I of 1872) এর Public Document (সাধারণ দলিল) যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে Public Document (সাধারণ দলিল) বলিয়া গণ্য হইবে৷ (৩) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এই আইনের অধীন প্রদত্ত জন্ম সনদ ব্যবহার করিতে হইবে, যথা:- (ক) পাসপোর্ট ইস্যু; (খ) বিবাহ নিবন্ধন; (গ) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি; (ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দান; (ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু; (চ) ভোটার তালিকা প্রণয়ন; (ছ) জমি রেজিস্ট্রেশন; [***] [(ছছ) জাতীয় পরিচয়পত্র; (ছছছ) লাইফ ইন্স্যুরেন্স পলিসি; এবং;] (জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে৷ [(৩ক) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে কোন ব্যক্তির মৃত্যু প্রমাণের জন্য এই আইনের অধীন প্রদত্ত মৃত্যু সনদ ব্যবহার করিতে হইবে, যথাঃ- (ক) সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি; (খ) পারিবারিক পেনশন প্রাপ্তি; (গ) মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সের দাবী; (ঘ) নাম জারী এবং জমাভাগ প্রাপ্তি; এবং (ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।] [(৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোন ব্যক্তি বা ব্যক্তি শ্রেণী কিংবা কোন দপ্তর বা প্রতিষ্ঠান বা বিশেষ শ্রেণীর দপ্তর বা প্রতিষ্ঠানকে উপ-ধারা (৩) এর বিধানের প্রয়োগ হইতে তত্কর্তৃক নির্ধারিত সময়ের জন্য অব্যাহতি দিতে পারিবে৷] [(৫) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে অন্য কোন আইনের অধীন কোন জন্ম বা মৃত্যুর সনদ উপ-ধারা (৩) ও (৩ক) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যবহার করা যাইবে।]