Skip to content

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪

ধারা ১৯উদ্বৃত্ত ভোটমান হস্তান্তর পদ্ধতি

বলবৎ

ধারা ১৯

19. উদ্বৃত্ত ভোটমান হস্তান্তর পদ্ধতি (১) যদি কোন গণনার পর দেখা যায় যে, কোন প্রার্থীর ব্যালট পেপারের ভোটমান কোটা হইতে বেশী, তাহা হইলে উক্ত অতিরিক্ত ভোটমান এই ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীগণের অনুকূলে সংশ্লিষ্ট ব্যালট পেপারে নির্দেশিত পরবর্তী পছন্দক্রম অনুযায়ী হস্তান্তর করা হইবে৷ (২) যদি একাধিক প্রার্থীর নামে লিপিবদ্ধ ব্যালট পেপারগুলির ভোটমান উদ্বৃত্ত হয়, তাহা হইলে যে প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান সর্বাপেক্ষা বেশী হইবে সেই প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান সর্বপ্রথমে হস্তান্তর করা হইবে এবং অতঃপর সংখ্যার ক্রমানুযায়ী অন্য প্রার্থীগণের উদ্বৃত্ত ভোটমান হস্তান্তর করা হইবে: তবে শর্ত থাকে যে, প্রথম গণনার ফলে প্রাপ্ত উদ্বৃত্ত ভোটমান সর্বপ্রথম হস্তান্তর করিবার পর দ্বিতীয় বা তত্পরবর্তী গণনার ফলে প্রাপ্ত উদ্বৃত্ত ভোটমান ক্রমান্বয়ে হস্তান্তর করা হইবে৷ (৩) যদি একই গণনায় একাধিক প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান সমান পাওয়া যায়, তাহা হইলে সর্বপ্রথম গণনায় যেই প্রার্থীর ভোটমান সর্বাপেক্ষা বেশী ছিল তাহার উদ্বৃত্ত ভোটমান সর্বপ্রথমে হস্তান্তর করা হইবে: তবে শর্ত থাকে যে, যদি পূর্বের সকল গণনায় প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীগণের ভোটমান সমান থাকে, তাহা হইলে কোন্‌ প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর অতিরিক্ত ভোটমান সর্বপ্রথম হস্তান্তর করা হইবে তাহা রিটার্ণিং অফিসার লটারীর মাধ্যমে নির্ধারণ করিবেন৷ (৪) যদি কোন প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান কেবলমাত্র মূলভোট হইতে পাওয়া যায়, তাহা হইলে রিটার্ণিং অফিসার উক্ত প্রার্থীর প্যাকেট হইতে প্রাপ্ত সকল ব্যালট পেপার পরীক্ষা করিয়া দেখিবেন এবং তাহার অনিঃশেষিত ব্যালট পেপারগুলিকে সংশ্লিষ্ট ব্যালট পেপারে লিপিবদ্ধ ভোটারগণের পরবর্তী পছন্দক্রম অনুযায়ী পৃথক সাব-প্যাকেটে বিভক্ত করিবেন এবং নিঃশেষিত ব্যালট পেপারগুলিকে অপর একটি পৃথক সাব-প্যাকেটে রাখিয়া দিবেন৷ (৫) যদি কোন প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান মূলভোট ও হস্তান্তরকৃত ভোটমান হইতে পাওয়া যায় অথবা শুধুমাত্র হস্তান্তরকৃত ভোটমান হইতে পাওয়া যায়, তাহা হইলে রিটার্ণিং অফিসার নির্বাচিত প্রার্থীর নামে জমাকৃত সর্বশেষ হস্তান্তরকৃত সাব-প্যাকেটের ব্যালট পেপারগুলি পরীক্ষা করিয়া দেখিবেন এবং তাহার অনিঃশেষিত ব্যালট পেপারগুলিকে উহাতে লিপিবদ্ধ ভোটারগণের পরবর্তী পছন্দ অনুযায়ী পৃথক সাব-প্যাকেটে বিভক্ত করিয়া দিবেন৷ (৬) যদি অনিঃশেষিত ব্যালট পেপারের সর্বমোট ভোটমান উদ্বৃত্ত ভোটমানের সমান বা কম হয়, তাহা হইলে রিটার্ণিং অফিসার অনিঃশেষিত ব্যালট পেপারের প্রত্যেক সাব-প্যাকেট ঐ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে হস্তান্তর করিবেন যাহার পক্ষে ভোটারগণ উক্ত ব্যালট পেপারগুলিতে তাহাদের পরবর্তী পছন্দ লিপিবদ্ধ করিয়াছেন এবং যে প্রার্থীর ভোটের উদ্বৃত্ত ভোটমান উক্তরূপে হস্তান্তরকৃত হয় তিনি ঐ ব্যালট পেপারগুলি যে ভোটমানে পাইয়াছিলেন সেই ভোটমানেই উহা হস্তান্তর করা হইবে৷ (৭) যদি অনিঃশেষিত ব্যালট পেপারগুলির সর্বমোট ভোটমান উদ্বৃত্ত ভোটমান অপেক্ষা বেশী হয়, তাহা হইলে রিটার্ণিং অফিসার সাব-প্যাকেট হইতে বাহিরকৃত প্রত্যেক অনিঃশেষিত ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বিতারত যে প্রার্থীর অনুকূলে ভোটারের পরবর্তী পছন্দ লিপিবদ্ধ করা হইয়াছে তাঁহার নামে হস্তান্তর করিবেন এবং যে ভোটমানে উক্ত প্রত্যেক ব্যালট পেপার হস্তান্তর করা হইবে সেই ভোটমান উদ্বৃত্ত ভোটমানকে অনিঃশেষিত ব্যালট পেপারের সর্বমোট সংখ্যা দ্বারা ভাগ করিয়া নির্ধারণ করিবেন৷ (৮) প্রত্যেক প্রার্থীর নামে হস্তান্তরকৃত ব্যালট পেপারসমূহ একটি সাব-প্যাকেটে রাখিয়া উক্ত প্রার্থীর অন্য ব্যালট পেপারগুলির সহিত সংযুক্ত করা হইবে৷ (৯) নির্বাচিত প্রার্থীর প্যাকেট ও সাব-প্যাকেটে রক্ষিত যে সকল ব্যালট পেপার এই ধারার বিধান অনুযায়ী হস্তান্তর হয় নাই সেই সকল ব্যালট পেপার চূড়ান্তভাবে নিষ্পন্ন ব্যালট পেপার হিসাবে আলাদা করিয়া রাখা হইবে৷

End of ধারা ১৯. Not in the index for this Act: তফসিল (1).

সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪