ধারা ১৮নিবন্ধন প্রদান, ইত্যাদি
ধারা ১৮
18. নিবন্ধন প্রদান, ইত্যাদি (১) ধারা ১৬ এ উল্লিখিত কার্যাবলী সম্পাদনের জন্য মহাপরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা নির্ধারিত নিবন্ধন সনদ প্রদান করিবেন৷ (২) নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য প্রতিটি আবেদন মহাপরিচালক বা উপ-ধারা (১) এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতি, শর্ত এবং ফিস প্রদানক্রমে দাখিল করিতে হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন, এই আইন বা তদধীন প্রণীত বিধি অনুসারে, মঞ্জুর বা নামঞ্জুর করা যাইবে, এইরূপ আবেদন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহাপরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়গুলি বিবেচনা করিবেন, যথা:- (ক) আবেদনে উল্লিখিত কার্যাবলী পরিচালনার জন্য তাহার প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি আছে কিনা; (খ) আবেদনে উল্লিখিত কার্যাবলী ধারা ১৬ এ উল্লিখিত কার্যাবলী সম্পাদনের মূল উদ্দেশ্যের সহিত সঙ্গতিপূর্ণ কিনা; এবং (গ) নিবন্ধন প্রদান করা হইলে উহা জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের সহিত সামঞ্জস্যপূর্ণ হইবে কিনা৷ (৪) এই ধারার অধীন প্রদত্ত নিবন্ধন সনদে উহার মেয়াদ, নবায়নের সময় সুনির্দিষ্টভাবে উল্লিখিত থাকিবে৷ (৫) এই ধারার অধীন প্রদত্ত প্রতিটি নিবন্ধন সনদ নবায়নযোগ্য হইবে এবং নবায়নের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফিস প্রদান করিতে হইবে৷ (৬) মহাপরিচালক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা- (ক) উপ-ধারা (২) এর অধীন আবেদন দাখিলের ৬০ (ষাট) দিনের মধ্যে উহা মঞ্জুর করার বা নামঞ্জুর করার সিদ্ধান্ত গ্রহণ করিবেন; এবং (অ) মঞ্জুর করিবার ১৫ (পনের) দিনের মধ্যে উক্ত সিদ্ধান্ত অনুসারে নিবন্ধন সনদ প্রদান করিবেন; (আ) নামঞ্জুর করিবার ৭ (সাত) দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের কারণসহ উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন; এবং (খ) ৬০ (ষাট) দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না হইলে, সংশ্লিষ্ট কারণ উল্লেখপূর্বক, বিলম্বের বিষয়টি যথাশীঘ্র সম্ভব আবেদনকারীকে অবহিত করিবেন এবং উক্ত সময়ের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এতদ্বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবেন৷