মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অর্থায়নকারী সংস্থা” অর্থ কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ঋণ বা অনুদান প্রদানকারী সরকারী বা বেসরকারী দেশী বা বিদেশী সংস্থা; (২) “আমানত” অর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সদস্য বা গ্রাহক কর্তৃক রক্ষিত কোন জমা যাহা দাবীর ভিত্তিতে বা অন্যভাবে পরিশোধযোগ্য; (৩) “আমানতকারী” অর্থ এমন কোন ব্যক্তি যাহার নামে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ধারণ করে; (৪) “এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান” অর্থ ধারা ১০ এর অধীন নিযুক্ত এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান; (৫) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি; (৬) “গঠনতন্ত্র” অর্থ কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গঠন, উহার লক্ষ্য, উদ্দেশ্য ও পরিচালনা সংক্রান্ত মূল দলিল, যে নামেই অভিহিত হউক না কেন; (৭) “গ্রাহক” অর্থ এমন কোন ব্যক্তি যিনি কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হইতে সেবা গ্রহণ করেন; (৮) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (৯) “তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত কর্তৃপক্ষের তহবিল; (১০) “দরিদ্র” অর্থ ভূমিহীন বা বিত্তহীন এমন কোন ব্যক্তি এবং নির্ধারিত কোন ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১১) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (১২) “পরিচালনা পর্ষদ” অর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ; (১৩) “পরিচালনা বোর্ড” অর্থ কর্তৃপক্ষের পরিচালনা বোর্ড; (১৪) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৫) “বিত্তহীন” অর্থ যাহার দৈনিক আয় নির্ধারিত দৈনিক আয়ের বেশী নহে বা যাহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বাজার মূল্য নির্ধারিত পরিমাণ জমির প্রচলিত বাজার মূল্যের কম; (১৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৭) “ভূমিহীন” অর্থ যাহার আবাদযোগ্য মোট জমির পরিমাণ নির্ধারিত পরিমাণের কম; (১৮) “সদস্য” অর্থ পরিচালনা বোর্ডের সদস্য; (১৯) “সনদ” অর্থ ধারা ১৫ এর অধীন প্রদত্ত সনদ; (২০) “সার্ভিস চার্জ” অর্থ কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিকট হইতে উহার ঋণগ্রহীতা কর্তৃক গৃহীত নির্দিষ্ট মেয়াদের ঋণের জন্য উক্ত প্রতিষ্ঠানকে প্রদেয় পূর্ব নির্ধারিত হারের আর্থিক বিনিময় মূল্য; (২১) “ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান” অর্থ এই আইনের অধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদপ্রাপ্ত কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, যে নামেই অভিহিত হউক না কেন, যাহা- (ক) The Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860); (খ) The Trust Act, 1882 (Act No. II of 1882); (গ) The Voluntary Social Welfare Agencies (Registration and Control) Ordinance, 1961 (Ordinance No. XLVI of 1961); (ঘ) সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন); বা (ঙ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮নং আইন); এর অধীন নিবন্ধিত কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান; (২২) “ক্ষুদ্রঋণ” অর্থ এই আইনের অধীন সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক দারিদ্র্য- বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত ঋণ সুবিধা৷