ধারা ৩৮ব্যবসায়ের সুনাম ব্যতীত স্বত্ব নিয়োগের শর্তাবলী
পঞ্চম অধ্যায় স্বত্বনিয়োগ(assignment) ও হস্তান্তর (transmission)
ধারা ৩৮
38. ব্যবসায়ের সুনাম ব্যতীত স্বত্ব নিয়োগের শর্তাবলী (১) যেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনাম ব্যতীত নিবন্ধিত বা অনিবন্ধিত কোন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হয় সেক্ষেত্রে- (ক) স্বত্বনিয়োগী স্বত্বনিয়োগের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে বা নিবন্ধকের অনুমোদনক্রমে আরও অতিরিক্ত অনধিক ৩ (তিন) মাসের মধ্যে উক্ত স্বত্বনিয়োগের বিজ্ঞাপন জারীর উদ্দেশ্যে আবেদন না করিলে; এবং (খ) নিবন্ধক কর্তৃক, নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে, বিজ্ঞাপন জারী না করা হইলে, উক্ত স্বত্ব নিয়োগ কার্যকর হইবে না। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনাম ব্যতীত কোন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যথাঃ- (ক) যে সকল পণ্য বা সেবার বিষয়ে ট্রেডমার্ক নিবন্ধিত হইয়াছে উহাদের মধ্য হইতে কেবল এইরূপ কতিপয় পণ্য বা সেবার বিষয়ে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হইয়াছে, যাহা সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনামসহ হস্তান্তরিত হয়; অথবা (খ) পণ্য বা সেবায় ব্যবহৃত এমন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ, যাহা বাংলাদেশ হইতে রপ্তানি করিবার সহিত সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনামও হস্তান্তরিত হয়।