Skip to content

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯

ধারা ৫৩চাকুরীর শর্তাবলী

বলবৎ
  • Not in the index: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read)

ধারা ৫৩

53. চাকুরীর শর্তাবলী (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বেতনভোগী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী লিখিত চুক্তির ভিত্তিতে নিযুক্ত হইবেন এবং চুক্তিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট গচ্ছিত থাকিবে এবং সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে উহার একটি অনুলিপি প্রদান করা হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে সকল সময় সততা ও কর্তব্যপরায়ণতার সহিত কর্তব্য পালন করিতে হইবে এবং পদ সংক্রান্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোরভাবে ন্যায় পরায়ণ ও নিরপেক্ষ হইতে হইবে। (৩) নিয়োগের শর্তাবলীতে স্পষ্টভাবে ভিন্নরূপ কিছু উল্লেখ না থাকিলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরূপে গণ্য হইবেন। (৪) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ের অথবা উহার কোন সংস্থার স্বার্থের পরিপন্থি কোন কার্যকলাপের সহিত জড়িত হইতে পারিবেন না। (৫) কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা ক্ষুন্ন না করিয়া তাহার চাকুরীর শর্তাবলী নির্ধারণ করিতে হইবে, তবে তিনি তাহার উক্ত মতামত প্রচার করিতে পারিবেন না বা তিনি নিজেকে কোন রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত করিতে পারিবেন না। (৬) বিশ্ববিদ্যালয়ের কোন বেতনভোগী শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী সংসদ সদস্য হিসাবে অথবা স্থানীয় সরকারের কোন পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হইতে চাহিলে, মনোনয়নপত্র দাখিলের পূর্বে, বিশ্ববিদ্যালয়ের চাকুরী হইতে ইস্তফা প্রদান করিতে হইবে। (৭) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের চাকুরীর শর্তাবলী তাঁহাদের নাগরিক ও অন্যান্য অধিকার অক্ষুণ্ন রাখিয়া এবং বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ করিয়া, সংবিধি দ্বারা, প্রণয়ন করা হইবে। (৮) বিশ্ববিদ্যালয়ের কোন, বেতনভোগী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে কর্তব্যে অবহেলা, অসদাচারণ, নৈতিক স্খলন বা অদক্ষতার কারণে সংবিধি দ্বারা নির্ধারিত কারণ ও পদ্ধতিতে চাকুরী হইতে অপসারণ বা পদচ্যুত করা অথবা অন্য প্রকার শাস্তি প্রদান করা যাইবেঃ তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কোন তদন্ত কমিটি কর্তৃক তদন্ত অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং ব্যক্তিগতভাবে বা কোন প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করিয়া চাকুরী হইতে অপসারণ বা পদচ্যুত করা যাইবে না।

End of ধারা ৫৩. Not in the index for this Act: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯