বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১৩৪রহিতকরণ ও হেফাজত
ষষ্ঠদশ অধ্যায় বিবিধ
ধারা ১৩৪
134. রহিতকরণ ও হেফাজত (১) নিম্নবর্ণিত আইনদ্বয় এতদ্দ্বারা রহিত করা হইল, যথাঃ- (ক) Bangladesh Rifles Order, 1972 (President's Order No. 148 of 1972); এবং (খ) Bangladesh Rifles (Special Provisions) Ordinance, 1976 (Ordinance No. LXXXV of 1976)। (২) এই আইন কার্যকর হইবার পূর্বে Bangladesh Rifles Order, 1972 (President's Order No. 148 of 1972) এর অধীন গঠিত ‘বাংলাদেশ রাইফেলস্’ এ যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা (Superior Officer), অধঃস্তন কর্মকর্তা (Sub-ordinate Officer), রাইফেলম্যান (Riflemen), সিগনেলম্যান (Signalman) ও অন্যান্য কর্মচারী নিয়োগপ্রাপ্ত হইয়াছিল তাহারা এই আইন কার্যকর হওয়ার পর এই আইনের অধীন গঠিত ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ এর আওতাভুক্ত ক্ষেত্রমত ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, পদবিধারী বর্ডার গার্ড সদস্য, তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য ও অন্যান্য কর্মচারী বলিয়া গণ্য হইবে এবং এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে এই সংস্থায় তাহাদের জন্য নিজ নিজ দপ্তর ও কর্মের যে মেয়াদ ও শর্তাবলী প্রযোজ্য ছিল এই আইন কার্যকর হওয়ার পর তাহাদের জন্য এই আইন ও এই আইনের অধীন প্রণীত বিধি এবং প্রবিধি সাপেক্ষে একই মেয়াদ ও শর্তাবলী প্রযোজ্য হইবে। (৩) Bangladesh Rifles Order, 1972 (President's Order No. 148 of 1972) এর অধীন গঠিত বাংলাদেশ রাইফেলস এর যে সকল অস্থাবর বা স্থাবর সম্পত্তি, তহবিল, দায় ও দলিলাদি অন্তর্ভুক্ত ছিল, সেই সকল সম্পত্তি, তহবিল, দায় ও দলিলাদি এই আইন কার্যকর হওয়ার পর এই আইনের অধীন গঠিত বর্ডার গার্ড বাংলাদেশ এর নিকট তৎক্ষণাৎ স্থানান্তরিত এবং অর্পিত হইবে। (৪) Bangladesh Rifles Order, 1972 (President's Order No. 148 of 1972) এর অধীন প্রণীত সকল বিধি, প্রবিধি, বা স্থায়ী আদেশ (standing orders) যাহা উক্ত আইন রহিত হওয়ার অব্যবহিত পূর্ব পর্যন্ত কার্যকর ছিল উহা এই আইনের অধীন প্রণীত বিধি, প্রবিধি বা নির্দেশমালা দ্বারা রহিত বা পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় অভিযোজনসহ এবং যতদূর পর্যন্ত আইনের বিধানাবলীর পরিপন্থী না হয় ততদূর পর্যন্ত কার্যকর থাকিবে। (৫) Bangladesh Rifles Order, 1972 (President's Order No. 148 of 1972) এবং Bangladesh Rifles (Special Provisions) Ordinance, 1976 (Ordinance No. LXXXV of 1976) এর অধীন কৃত কোন কাজ-কর্ম অথবা জারীকৃত কোন আদেশ, বিভাগীয় কার্যধারা, বাহিনীর কোন সদস্যের উপর গৃহীত কোন শৃঙ্খলামূলক ব্যবস্থা বা বাহিনীর আদালতের কার্যধারা, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে,রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে এবং এই আইনের সংশ্লিষ্ট ধারার অধীন কৃত, প্রণীত, জারীকৃত, দায়েরকৃত, পেশকৃত, মঞ্জুরীকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৬) এই আইন প্রবর্তনের তারিখে বাংলাদেশ রাইফেলস এর কোন সদস্যের বিরূদ্ধে রহিতকৃত আইনদ্বয়ের অধীন দায়েরকৃত কোন মামলা বা কার্যধারা কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট চলমান থাকিলে উহা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত আইনদ্বয় রহিত হয় নাই।