[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩
ধারা ৪৯সংবিধি
ধারা ৪৯
49. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) ট্রেজারারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (ঙ) সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোন সম্মান প্রদান; (চ) ফেলোশীপ, স্কলারশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ছ) গবেষণা কার্যক্রমের ধরণ নির্ধারণ; (জ) ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান; (ঝ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; (ঞ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ; (ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী নির্ধারণ; (ঠ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ড) ইনস্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠান এবং ইহাদের রক্ষণাবেক্ষণ; (ঢ) প্রতিনিধি নির্বাচন পদ্ধতি নির্ধারণ; (ণ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাঁটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (ত) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসর ভাতা, গোষ্ঠী বীমা, কল্যাণ ও ভবিষ্য তহবিল গঠন; (থ) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (দ) নূতন বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ধ) একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (ন) ডক্টরেট ডিগ্রির জন্য অভিসন্দর্ভের বিষয় নির্ধারণ; (প) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ফ) বাছাই বোর্ডের গঠন ও কার্যাবলী নির্ধারণ; (ব) স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত বিধান প্রণয়ন; (ভ) কমিটি গঠন সংক্রান্ত বিধান প্রণয়ন; (ম) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; এবং (য) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।