ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪
ধারা ৪২রহিতকরণ ও হেফাজত
ধারা ৪২
42. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে,- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Investment Corporation of Bangladesh অতঃপর বিলুপ্ত কর্পোরেশন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কর্পোরেশনের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব এবং সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংক জমা ও তহবিল এবং এইরূপ বিষয় সম্পত্তির অন্তর্ভুক্ত বা বিষয় সম্পত্তি হইতে উদ্ভূত অন্যান্য যাবতীয় অধিকার, মেধা-স্বত্ব ও স্বার্থ এবং সকল হিসাব বই, রেজিস্ট্রার, রেকর্ডপত্র এবং এইসব সংক্রান্ত অন্যান্য সকল দলিল-দস্তাবেজ কর্পোরেশনে হস্তান্তরিত ও অর্পিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (গ) বিলুপ্ত কর্পোরেশনের সকল ঋণ, দায় ও দায়িত্ব কর্পোরেশনে হস্তান্তরিত হইবে এবং ঐ সকল ঋণ, দায় ও দায়িত্ব কর্পোরেশনের ঋণ, দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ঘ) বিলুপ্ত কর্পোরেশন কর্তৃক দায়েরকৃত বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থাদি কর্পোরেশন কর্তৃক দায়েরকৃত বা কপোর্রেশনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা অন্যান্য আইনগত ব্যবস্থা বলিয়া গণ্য হইবে; (ঙ) কোন চুক্তিভিত্তিক নিয়োগ বা চাকুরির শর্তাবলীতে যাহাই থাকুক না কেন, বিলুপ্ত কর্পোরেশনের সকল কর্মকর্তা, উপদেষ্টা, পরামর্শক ও কর্মচারির চাকুরি তাহাদের নিয়োগপত্রের শর্তাধীনে কর্পোরেশনে ন্যস্ত হইবে; (চ) কর্পোরেশন বিলুপ্ত কর্পোরেশনের সকল প্রবিধান ও উপ-আইন সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করিতে পারিবে এবং এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বিলুপ্ত কর্পোরেশনের সকল বিধি, প্রবিধানমালা ও উপ-আইনসমূহ এই আইনের অধীন নতুন বিধি ও প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে; এবং (ছ) বিলুপ্ত কর্পোরেশন বা অধীনস্থ কোম্পানি কর্তৃক সকল বিনিয়োগের ইনস্ট্রুমেন্ট, মিউচ্যুয়াল ফান্ড কর্তৃক ইস্যুকৃত ইউনিট, ইত্যাদি কর্পোরেশনের নিকট এমনভাবে ন্যস্ত ও হস্তান্তরিত বা স্থানান্তরিত হইবে যেন উহা কর্পোরেশন ও উহার অধীনস্থ কোম্পানী কর্তৃক বিনিয়োগকৃত বা ইস্যুকৃত ইনস্ট্রুমেন্ট। (৩) উক্ত Ordinance রহিত হওয়া সত্ত্বেও উহার অধীন গঠিত বোর্ড, প্রণীত প্রবিধানমালা, জারীকৃত প্রজ্ঞাপন, প্রদত্ত আদেশ, নির্দেশ, অনুমোদন, সুপারিশ, গৃহীত সকল পরিকল্পনা বা কার্যক্রম, অনুমোদিত সকল বাজেট এবং কৃত সকল কাজকর্ম উক্তরূপ রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে এবং এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে এই আইনের অনুরূপ বিধানের অধীন গঠিত, প্রণীত, জারীকৃত, প্রদত্ত, অনুমোদিত এবং কৃত বলিয়া গণ্য হইবে, এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে।
সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪