Skip to content

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪

ধারা ১৬অতিথি উচ্ছেদ, ইত্যাদি

বলবৎ

ধারা ১৬

16. অতিথি উচ্ছেদ, ইত্যাদি (১) এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কোনো অতিথি সংশ্লিষ্ট হোটেলের বিধি-বিধান মানিয়া চলিয়া তাহার চাহিত সময় পর্যন্ত হোটেলের ন্যায্য ভাড়াসহ অন্যান্য কর প্রদান করিয়া অবস্থান করিতে থাকিলে বা অবস্থান করিবার ইচ্ছা ব্যক্ত করিলে তাহাকে অন্যায়ভাবে বা জোরপূর্বক কোন যুক্তিযুক্ত কারণ ব্যতিরেকে উচ্ছেদ করা বা সেবা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করা যাইবে না। (২) কোনো হোটেল বা রেস্তোরাঁতে যদি কোনো অতিথি বা ক্রেতার কোনো আচরণ উপদ্রবের সামিল অথবা অন্য কোনো অতিথি বা ক্রেতা বা কোনো ব্যক্তির বিরক্তির উৎস অথবা তাহাদের জন্য হুমকিস্বরূপ বা ভীতির সঞ্চার করে, অথবা তাহাদের জীবন বিপন্ন হইতে পারে এমন কোনো আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তাহা হইলে উক্ত অতিথি বা ক্রেতাকে মালিক বা তাহার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উচ্ছেদ করিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, কোনো অতিথি বা ক্রেতা কর্তৃক আশু শান্তিভঙ্গের বা কোনো অপরাধ সংঘটনের আশংকা করিবার যথার্থ কারণ থাকিলে উক্ত অতিথি বা ক্রেতাকে উক্ত কার্য করা হইতে বিরত করিবার জন্য মালিক বা তাহার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করিতে পারিবেন এবং ঘটনাটি অবিলম্বে সংশ্লিষ্ট থানাকে অবহিত করিবেন। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন আবাসন, খাদ্য ও অন্যান্য সেবা প্রদানে অস্বীকৃতি অথবা উচ্ছেদের কারণে, সংক্ষুব্ধ কোনো অতিথি বা ক্রেতা নিয়ন্ত্রকের নিকট অভিযোগ করিতে পারিবেন এবং নিয়ন্ত্রক নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তদন্ত অনুষ্ঠানের পর যথাযথ আদেশ প্রদান করিবেন।

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪