Skip to content

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ৬কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ৬

6. কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (১) ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিয়া মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; (২) মহাপরিকল্পনা প্রণয়নের নিমিত্ত ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং তদসংশ্লিষ্ট সকল প্রকার তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ; (৩) ভূমির উপর যে কোন প্রকৃতির অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আধুনিক ও আকর্ষণীয় পর্যটন অঞ্চল ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলী গ্রহণ; (৪) কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, বিনোদন, শিল্প বা এতদ্‌সম্পর্কিত অবকাঠামো নির্মাণের জন্য পৃথক পৃথক এলাকা নির্ধারণ ও সংরক্ষণ নিশ্চিত করিবার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন; (৫) কর্তৃপক্ষের সীমানার মধ্যে নির্মাণ নিয়ন্ত্রণ এবং বিধি বহির্ভূত স্থাপনা অপসারণ; (৬) অপরিকল্পিত, অপ্রশস্ত ও ঘিঞ্জি বসতি অপসারণক্রমে নূতন আবাসন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং উক্ত এলাকার বাসিন্দাগণের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (৭) নিম্নবিত্ত, বস্তিবাসী এবং গৃহহীনদের আবাসন সমস্যার অগ্রাধিকার বিবেচনায় রাখিয়া উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও উহার বাস্তবায়ন; (৮) উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রহিয়াছে এইরূপ কোন এলাকার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তর্বর্তীকালীন আদেশ জারি এবং উক্ত এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তন বা কোন ইমারত বা স্থাপনার পরিবর্তনের উপর অনধিক এক বৎসর পর্যন্ত বিধি-নিষেধ আরোপ; (৯) আধুনিক ও আকর্ষণীয় নগর পরিকল্পনার আওতায় বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি এবং উহার ধারাবাহিক সংরক্ষণ; (১০) পর্যাপ্ত বনায়ন ও সবুজ বেষ্টনী তৈরি; (১১) কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বা বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের নিজস্ব ব্যয়ে দেশি-বিদেশি বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে পরামর্শ বা সহযোগিতা গ্রহণ ও বাস্তবায়ন; (১২) দেশি বা বিদেশি ব্যক্তি, সরকারি বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; (১৩) কোন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়ন তত্ত্বাবধান; (১৪) উন্নয়ন কার্যক্রম তরান্বিত করিবার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের সহিত সমন্বয় সাধন; (১৫) আধুনিক নগর সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন; (১৬) কর্তৃপক্ষের প্রদত্ত সেবাসমূহ অনলাইনে সম্পাদন এবং কর্তৃপক্ষের সকল সেবা দলিল সম্পাদনে বিদ্যমান পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং মনিটরিং; (১৭) ওয়েব সাইটে সংশ্লিষ্ট তথ্য উপাত্ত প্রকাশ; (১৮) সরকার কর্তৃক, সময় সময়, কর্তৃপক্ষের উপর অর্পিত অন্য যে কোন দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮