ধারা ৬জাতীয় লবণ কমিটির দায়িত্ব ও কার্যাবলি
দ্বিতীয় অধ্যায় কমিটি, কার্যাবলি, ইত্যাদি
ধারা ৬
6. জাতীয় লবণ কমিটির দায়িত্ব ও কার্যাবলি জাতীয় লবণ কমিটির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) লবণের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, আয়োডিনযুক্তকরণ, মজুত, বিক্রয়, পরিবহণ, বাজারজাতকরণ, লবণ কারখানার জন্য আয়োডিনের সরবরাহ, আমদানি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার নীতি বিষয়ে সুপারিশ প্রণয়ন; (খ) আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে সামগ্রিক কর্ম-কৌশল প্রণয়ন; (গ) মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্যদ্রব্য প্রস্তুতকারী শিল্পে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাধ্যতামূলককরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়ন; (ঘ) লবণ গবেষণা এবং লবণ শিল্পের আধুনিকীকরণ ও প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন; (ঙ) জনসাধারণকে আয়োডিনযুক্ত লবণ ক্রয়ে উৎসাহিতকরণের লক্ষ্যে উক্ত লবণ ব্যবহারের সুফল এবং ব্যবহার না করার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ; (চ) আয়োডিনের জাতীয় মান এবং মানুষ ও প্রাণী-স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় মাত্রা নির্ধারণে সুপারিশ প্রদান; (ছ) আয়োডিনবিহীন লবণ বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন; (জ) ধারা ১৯ ও ২০ এর অধীন নির্ধারিত আয়োডিনযুক্ত লবণের প্যাকেট ও লেবেলের অনুমোদন প্রদান; (ঝ) লবণ চাষিগণের প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ঞ) জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি এবং প্রান্তিক কমিটিসমূহ হইতে প্রাপ্ত তথ্য ও সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ট) জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি এবং প্রান্তিক কমিটিসমূহের কার্যক্রম সমন্বয়; এবং (ঠ) সরকার কর্তৃক, সময়ে সময়ে, প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন।