বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১
ধারা ৮নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন
ধারা ৮
8. নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন (১) নিবন্ধন সনদের মেয়াদ হইবে উহা প্রদানের তারিখ হইতে ৩ (তিন) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে। (২) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার অন্যূন ৩ (তিন) মাস পূর্বে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধন নবায়নের আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাদি পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে- (ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন নবায়ন সনদ প্রদান করিবে; (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে; (গ) আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী অবহিত হইবার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবে এবং নিবন্ধন কর্তৃপক্ষ উক্তরূপ আবেদন প্রাপ্তির তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করিবে। (৪) উপ-ধারা (২) এ উল্লিখিত সময়ের মধ্যে নবায়নের আবেদন দাখিল করা না হইলে নির্ধারিত জরিমানা প্রদান করিয়া নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার অনধিক ৩ (তিন) মাসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষ বরাবর নবায়নের আবেদন দাখিল করিতে হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১