Skip to content

ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১

ধারা ৩ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপি

বলবৎ

ধারা ৩

3. ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, ব্যাংকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকার বহির কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি প্রদান করিতে পারিবে। (২) ব্যাংকার বহি লিখিত আকারে সংরক্ষিত থাকিলে, উহার কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি প্রদানের ক্ষেত্রে উক্ত অনুলিপির সহিত নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখপূর্বক একটি প্রত্যয়নপত্র থাকিতে হইবে, যথা:- (ক) ইহা একটি অবিকল অনুলিপি; (খ) ইহা নিত্যনৈমিত্তিক ও সাধারণ কার্যকালে প্রস্তুত করা হইয়াছে; (গ) ইহা ব্যাংকারের কোনো একটি সাধারণ বহিতে লিপিবদ্ধ এবং অদ্যাবধি ব্যাংকারের হেফাজতে রক্ষিত আছে; (ঘ) ইহা এইরূপ যান্ত্রিক বা ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত বা অন্য কোনো প্রক্রিয়ায় সংগৃহীত হইয়াছে যাহা স্বয়ংক্রিয়ভাবে উক্ত অনুলিপির যথার্থতার নিশ্চয়তা প্রদান করে; এবং (ঙ) ইহা যে বহি হইতে প্রস্তুতের করা হইয়াছে উক্ত বহি ব্যাংকের প্রথাগত স্বাভাবিক প্রক্রিয়ায় উক্ত অনুলিপি প্রস্তুতের পরবর্তী কোনো তারিখে ধ্বংস করা হইয়াছে বা হয় নাই। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত প্রত্যয়নপত্রে তারিখ সহকারে ব্যাংকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নাম ও দাপ্তরিক পদবি উল্লেখসহ স্বাক্ষর থাকিতে হইবে। (৪) ব্যাংকার বহি উপাত্ত আকারে মাইক্রোফিল্ম, চৌম্বকীয় টেপ, ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত তথ্য প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির অন্য কোনো মাধ্যমে সংরক্ষিত থাকিলে, উহার কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করিতে হইবে, যথা:- (ক) ইহা যে উৎস হইতে মুদ্রিত উহার বর্ণনা; (খ) ইহা এইরূপ যান্ত্রিক বা ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত বা অন্য কোনো প্রক্রিয়ায় সংগৃহীত যাহা স্বয়ংক্রিয়ভাবে উক্ত অনুলিপির যথার্থতার নিশ্চয়তা প্রদান করে; এবং (গ) ইহা যে উক্ত এন্ট্রির, তৎমর্মে ব্যাংকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কম্পিউটার সিস্টেম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি কর্তৃক একটি প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে। (৫) উপ-ধারা (৪) এর অধীন প্রদত্ত প্রত্যয়নপত্রে নিম্নলিখিত বিষয়াদি সংক্ষিপ্তরূপে অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) এমন কম্পিউটার সিস্টেম যাহাতে কেবল অনুমোদিত ব্যক্তির তথ্য লিপিবদ্ধকরণ ও পরিচালনার প্রবেশাধিকার ছিল মর্মে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাদি; (খ) তথ্যে অননুমোদিত পরিবর্তন চিহ্নিতকরণ ও প্রতিরোধের লক্ষ্যে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাদি; (গ) কম্পিউটার সিস্টেমে যান্ত্রিক ত্রুটি বা অন্যবিধ কারণে হারানো তথ্য পুনরুদ্ধারের জন্য গৃহীত ব্যবস্থাদি; (ঘ) কম্পিউটার সিস্টেম হইতে তথ্য বহনযোগ্য মাধ্যম হিসাবে ফ্লপি ডিস্ক, চৌম্বকীয় টেপ, পেনড্রাইভ, ডিভিডি ডিস্ক বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসে যে প্রক্রিয়ায় তথ্য স্থানান্তর করা হইয়াছে উহার বিবরণ; (ঙ) তথ্য বহনযোগ্য মাধ্যমে সঠিকভাবে তথ্য স্থানান্তর হইয়াছে কিনা তাহা যাচাইয়ের পদ্ধতি; (চ) উক্তরূপ ডিজিটাল ডিভাইস শনাক্তকরণের পদ্ধতি; (ছ) উক্তরূপ ডিজিটাল ডিভাইস সংরক্ষণ ও হেফাজতের জন্য গৃহীত ব্যবস্থাদি; (জ) কম্পিউটার সিস্টেমে যে কোনো প্রকারের অনধিকার প্রবেশ চিহ্নিতকরণ ও উহা প্রতিরোধে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাদি; এবং (ঝ) অন্য কোনো বিষয় যাহা উক্ত কম্পিউটার সিস্টেমের যথার্থতা ও শুদ্ধতার সমর্থনের প্রমাণ বহন করে।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১