ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১
ধারা ৬আদালতের আদেশবলে ব্যাংকার বহি পরিদর্শন
ধারা ৬
6. আদালতের আদেশবলে ব্যাংকার বহি পরিদর্শন (১) কোনো আইনি কার্যক্রমে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবে যে- (ক) উক্ত আইনি কার্যক্রম সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে উক্ত আবেদনকারীর কোনো ব্যাংকার বহির সংশ্লিষ্ট এন্ট্রি পরিদর্শন এবং উহার অনুলিপি সংগ্রহ করিতে পারিবে; বা (খ) ব্যাংক সংশ্লিষ্ট এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি, আদেশে উল্লিখিত সময়ের মধ্যে, প্রস্তুত করিয়া উপস্থাপন করিবে, যাহার সহিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকিবে যে, উক্ত কার্যক্রম সংশ্লিষ্ট অন্য কোনো প্রাসঙ্গিক এন্ট্রি ব্যাংকার বহিতে পাওয়া যায় নাই এবং উক্ত প্রত্যয়নপত্র ধারা ৩ অনুসরণে প্রদান করা হইয়াছে। (২) আদালত ব্যাংকের প্রতি সমন জারি করিয়া বা না করিয়া এই ধারার অধীন কোনো আদেশ প্রদান করিতে পারিবে এবং আদালতের ভিন্নরূপ কোনো নির্দেশনা না থাকিলে, উক্ত আদেশ কার্যকর করিবার জন্য ৭ (সাত) কার্যদিবস পূর্বে উহা সংশ্লিষ্ট ব্যাংক বরাবর জারি করিতে হইবে। (৩) এই ধারার অধীন কোনো আদেশ প্রতিপালনের জন্য প্রদত্ত সময় সমাপ্ত হইবার পূর্বে যে কোনো সময় ব্যাংক উহার ব্যাংকার বহি আদালতে উপস্থাপনের জন্য প্রদান করিতে পারিবে অথবা এইরূপ আদেশ কার্যকর না করিবার বা প্রযোজ্য ক্ষেত্রে আদেশ পরিপালনে যৌক্তিক প্রতিবন্ধকতার বিষয়ে কারণ দর্শানোর অভিপ্রায় ব্যক্ত করিয়া আবেদন করিতে পারিবে এবং উক্ত ক্ষেত্রে আদালত কর্তৃক পরবর্তী আদেশ প্রদান না করা পর্যন্ত পূর্বের আদেশ অকার্যকর থাকিবে।