Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ১৪আসন সংখ্যা বৃদ্ধি ও ডেন্টাল ইউনিট স্থাপন

বলবৎ

ধারা ১৪

14. আসন সংখ্যা বৃদ্ধি ও ডেন্টাল ইউনিট স্থাপন (১) এই আইনের অধীন স্থাপিত কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে পরবর্তীকালে আসন সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ধারা ৬ এর দফা (খ), (চ) ও (ছ) এ বর্ণিত কলেজের জমি, একাডেমিক কার্যক্রম ও হাসপাতালের জন্য আনুপাতিক হারে ফ্লোর স্পেস, হাসপাতালের শয্যা ও অন্যান্য অবকাঠামো বৃদ্ধি করিতে হইবে। (২) একাডেমিক অনুমোদনপ্রাপ্ত কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ প্রথম বার শিক্ষার্থী ভর্তির অন্যূন ৫ (পাঁচ) বৎসর অতিবাহিত হইবার পর উপ-ধারা (১) এর শর্তাদি পূরণ সাপেক্ষে আসন সংখ্যা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুপারিশসহ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সরকারের নিকট আবেদন করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর সরকার উহা যাচাইয়ের উদ্দেশ্যে পরিদর্শন কমিটির নিকট সুপারিশসহ প্রতিবেদনের জন্য প্রেরণ করিবে। (৪) সরকার, পরিদর্শন কমিটির প্রতিবেদন এবং আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এই আইনের অন্যান্য বিধানে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে, সন্তুষ্ট হইলে আসন বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজের সক্ষমতার আলোকে বিবেচনা করিবে। (৫) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সরকারের অনুমোদন গ্রহণপূর্বক ২০ (বিশ) আসন বিশিষ্ট ডেন্টাল ইউনিট স্থাপন করিতে পারিবে।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২