আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২
ধারা ৬কেন্দ্রের কার্যাবলি
ধারা ৬
6. কেন্দ্রের কার্যাবলি কেন্দ্রের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশ এবং অন্যান্য দেশের প্রয়োজনের নিরীখে প্রচলিত আইন ও বিধি-বিধানের অধীন ক্লিনিক্যাল গবেষণা, ল্যাবরেটরি ও প্রাণকেন্দ্রিক পরীক্ষা, এপিডিমিওলজিক্যাল (epidemiological) ও সমীক্ষা গবেষণা, মাঠ পর্যায়ে অনুসন্ধান, প্রদর্শনী প্রকল্প পরিচালনা, সভার আয়োজন এবং ক্লিনিক্যাল মেডিসিন, এপিডিমিওলজি, মৌলিক চিকিৎসা বিজ্ঞান, জৈব-পরিসংখ্যান, জনমিতি, উর্বরতা ও অন্যান্য সামাজিক বিজ্ঞান এবং জনস্বাস্থ্যের সহিত সম্পর্কিত বিষয়ের উপর গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক বক্তৃতা, সেমিনার, আলোচনা এবং সম্মেলনের আয়োজন; (খ) উদরাময় গবেষণা ও সমীক্ষার উপর বই, সাময়িকী, রিপোর্ট এবং গবেষণা ও ওয়ার্কিং পেপার প্রকাশ; (গ) কেন্দ্রের অথবা অন্যান্য জাতীয় ও বৈদেশিক প্রতিষ্ঠানসমূহের সহিত প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক সমীক্ষা কার্যক্রম গ্রহণ; (ঘ) বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের জনগণের স্বাস্থ্যের বিষয়ে অথবা গবেষণার অংশ হিসাবে অবদানস্বরূপ সেবা, প্রশিক্ষণ, বিশেষজ্ঞ কারিগরি ও বৈজ্ঞানিক সহায়তা প্রদান; (ঙ) স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত যে কোনো উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখা এবং স্বাস্থ্যনীতির বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান; চ) সহযোগিতামূলক স্টাডি (Study), সেমিনার, বিনিময় সফর বা অন্য কোনো মাধ্যমে সৃষ্ট বিদ্বজ্জন (scholars) এবং তাহাদের সমীক্ষার কাজের সহিত যোগাযোগ স্থাপন ও উহা অব্যাহত রাখা; (ছ) অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে বা সহযোগিতায় সমীক্ষা, স্টাডি (Study) ও কোর্স পরিচালনা কার্যক্রম গ্রহণ; (জ) কেন্দ্রের কর্মসূচি এবং কর্মকাণ্ডে বিজ্ঞানীগণের অংশগ্রহণের অধিকার ও সুযোগ নিশ্চিতকরণ প্রযোজ্যক্ষেত্রে, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হইতে অন্যূন সহকারী অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের অথবা গবেষকদের সংশ্লিষ্ট করিবার বিষয় বিবেচনা করা; (ঝ) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হাসপাতাল, বৈজ্ঞানিক পরীক্ষাগার, প্রাণি গবেষণাগার, লাইব্রেরি, পাঠকক্ষ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, গাড়ি, জলযান এবং অন্যান্য যানবাহন পরিচালনা করা; (ঞ) বিভিন্ন শ্রেণির পেশাগত কর্মচারীগণের অনুকূলে সমীক্ষা পরিচালনার ক্ষেত্রে বৃত্তি, ফেলোশিপ (fellowship) প্রদানের ব্যবস্থা গ্রহণ; (ট) বৃত্তি, উপহার, দান, অনুদান, অন্যান্য তহবিল ও সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থ গ্রহণ এবং রয়্যালটিসহ অন্যান্য আয় উপার্জন; এবং ঠ) কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২