সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অস্বচ্ছল চাঁদাদাতা” অর্থ পেনশন স্কিমে চাঁদা প্রদানকারী কোনো চাঁদাদাতা, যিনি শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে চাঁদা প্রদানের সক্ষমতা হারাইয়াছেন; (২) “অ্যানুইটি” অর্থ সর্বজনীন পেনশন স্কিমে ধার্যকৃত হারে অংশগ্রহণকারী চাঁদাদাতা কর্তৃক নিরবচ্ছিন্নভাবে চাঁদা প্রদানের শর্তে তাহার বয়স ৬০ (ষাট) বৎসর পূর্তিতে আজীবন বা পেনশনে থাকাকালীন চাঁদাদাতার মৃত্যুজনিত কারণে তাহার নমিনিকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক নির্ধারিত হারে প্রদত্ত পেনশন; (৩) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষ; (৪) “চাঁদাদাতা” অর্থ পেনশন স্কিমে চাঁদা প্রদানকারী ব্যক্তি; (৫) “তপশিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. No 127 of 1972) এর Article 2(J)-তে সংজ্ঞায়িত তপশিলি ব্যাংক; (৬) “তহবিল” অর্থ ধারা ১৬ এর অধীন গঠিত সর্বজনীন পেনশন তহবিল; (৭) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৮) “নির্বাহী চেয়ারম্যান” অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২) এর অধীন নিযুক্ত জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান; (৯) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ১০ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (১০) “পেনশনার” অর্থ ধারা ১৪ এর বিধান অনুযায়ী পেনশনপ্রাপ্ত ব্যক্তি: (১১) “পেনশনের সম্মুখ অফিস” অর্থ পেনশন স্কিমে অংশগ্রহণকারী চাঁদাদাতাগণের মাসিক চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত চাঁদা পেনশন তহবিলে জমাকরণের কাজে নিয়োজিত অফিস; (১২) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৩) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৪) “সরকার” অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে বুঝাইবে; (১৫) “সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা কমিটি” অর্থ ধারা ২২ এর উপ-ধারা (১) এ বর্ণিত কমিটি; এবং (১৬) “স্কিম” অর্থ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সর্বজনীন পেনশন স্কিম।