[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ৩৭বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন
ধারা ৩৭
37. বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন (১) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন; (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জনের যোগ্যতার শর্তাবলি নির্ধারণ; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও পরীক্ষাসমূহ পরিচালনা পদ্ধতি নির্ধারণ; (ঘ) শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, অ্যাসিসট্যান্টশিপ, সম্মানসূচক ডিগ্রি, পদক এবং পুরস্কার প্রদানের শর্তাবলি; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে বসবাসের শর্তাবলি ও উহার সুযোগ সুবিধা ব্যবহার সংক্রান্ত শর্তাবলি এবং তাহাদের আচরণ ও শৃঙ্খলা; (চ) বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রি সার্টিফিকেট ও ডিপ্লোমা ভর্তি ইত্যাদি সংক্রান্ত ফিস নির্ধারণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ও তাহাদের তালিকাভুক্তি; (জ) শিক্ষাদান কার্যক্রম, টিউটোরিয়াল ক্লাস, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, গবেষণা, কর্মশালা, শিক্ষা সফর ও ইন্টার্নশিপ পরিচালনার পদ্ধতি নির্ধারণ; (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক বিভিন্ন কমিটি গঠন; (ঞ) বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যনির্বাহের প্রয়োজনে বিভিন্ন কর্তৃপক্ষ গঠন, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ; এবং (ট) এই আইন বা সংবিধির অধীন বিধি দ্বারা নির্ধারিত হইতে পারে, এইরূপ অন্যান্য বিষয়। (২) সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন করিতে পারিবে।