Skip to content

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩

ধারা ১১কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি

বলবৎদ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি

ধারা ১১

11. কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই আইনের অধীন অ্যাক্রেডিটেশন সনদ প্রদান ও নবায়ন এবং সনদ প্রত্যাখ্যান, স্থগিতকরণ ও বাতিলকরণ; (খ) চিকিৎসা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড অনুযায়ী শর্ত নির্ধারণ এবং উক্ত শর্তের মানোন্নয়ন; (গ) বাংলাদেশের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানদন্ড পর্যালোচনা এবং উক্ত কার্যক্রম উন্নত করিবার লক্ষ্যে শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ, অধ্যায়ন এবং গবেষণা পরিচালনা; (ঘ) অ্যাক্রেডিটেশনের মানদণ্ড নির্ধারণ, অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনকারী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্‌মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন, পরামর্শ আহ্বান, প্রশিক্ষণ গ্রহণ ও পরিদর্শনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ; (ঙ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাক্রেডিটেশন হ্যান্ডবুক, গাইডলাইন, ফ্রেমওয়ার্ক ও ক্ষেত্র নির্ণয় এবং উহাদের উন্নয়ন; (চ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে প্রাক্‌জরিপ সম্পাদন; (ছ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সংক্রান্ত যাবতীয় তথ্য ও উপাত্ত সংবলিত নিবন্ধন বহি প্রস্তুত ও সংরক্ষণ; (জ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের মানদণ্ড নির্ধারণে ‘সেন্টার অব রেফারেন্স’ হিসাবে কার্য সম্পাদন; (ঝ) অ্যাক্রেডিটেশন কার্যক্রমে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা নিশ্চিতকরণ; (ঞ) অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রদান ও গ্রহণ; (ট) অ্যাক্রেডিটেশন বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ সৃষ্টি, অ্যাক্রেডিটেশন কর্মকান্ডের উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন, গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন বিষয়ক তথ্যাদির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; (ঠ) সরকারের অনুমোদনক্রমে কাউন্সিলের জনবল নিয়োগ এবং কর্মচারীদের দায়িত্ব, ক্ষমতা, পারিশ্রমিক, ভাতা, সম্মানি, সুবিধা, আচরণবিধি ও শৃঙ্খলামূলক ব্যবস্থাসহ চাকুরির শর্ত নির্ধারণ; (ড) সরকারের নিকট অ্যাক্রেডিটেশন প্রতিবেদন পেশ, প্রয়োজনে পরামর্শ গ্রহণ ও প্রদান এবং সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন; (ঢ) অ্যাক্রেডিটেশন সংক্রান্ত প্রতিবেদন, রিটার্ন, বিবৃতি, প্রাতিষ্ঠানিক নিরীক্ষা ও মূল্যায়ন সম্পর্কিত তথ্য গ্রহণ ও পরিবীক্ষণ; (ণ) প্রাতিষ্ঠানিক নিরীক্ষা পরিচালনা; এবং (ত) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন। (২) কাউন্সিল উহার সামগ্রিক কর্মকান্ডের জন্য সরকারের নিকট দায়ী থাকিবে।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩