ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩
ধারা ৪৩পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি
ধারা ৪৩
43. পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি (১) বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও নির্ধারিত সংখ্যক কোর্সে একক ( ক্রেডিট আওয়ারস ) পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন গ্রহণ করা হইবে। (২) সম্পূর্ণ পাঠ্যসূচি নির্ধারিত সংখ্যক সেমিস্টারে বিভাজিত হইবে এবং ডিগ্রি বা ডিপ্লোমা বিশেষের জন্য নির্ধারিত সংখ্যক কোর্স সম্পন্ন করিয়া ডিগ্রি বা ডিপ্লোমা লাভের জন্য সর্বোচ্চ সময় নির্ধারিত থাকিবে এবং প্রত্যেক পাঠক্রমের সফল সমাপ্তি এবং উহার উপর পরীক্ষা ও মূল্যায়ন গ্রহণের পর পরীক্ষার্থীকে গ্রেড বা নম্বর প্রদান করা হইবে। (৩) সকল সেমিস্টার পরীক্ষা ও মূল্যায়নে প্রাপ্ত গ্রেডের সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ধারণপূর্বক পরীক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হইবে। (৪) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের প্রতিটি কোর্সের উত্তরপত্র বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ কোনো যোগ্য ব্যক্তি বা অন্য যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্তৃক প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করিতে হইবে।