Skip to content

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

ধারা ১৭পরিচালক পদে শূন্যতা

বলবৎচতুর্থ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা

চতুর্থ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা

ধারা ১৭

17. পরিচালক পদে শূন্যতা (১) নিম্নবর্ণিত যে কোনো কারণে ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালকের পদ শূন্য হইবে, যদি তিনি- (ক) খেলাপী ঋণগ্রহীতা হিসাবে চিহ্নিত হন বা জামিনদার হিসাবে তাহার নিকট পাওনা পরিশোধে ব্যর্থ হন; বা (খ) তাহার উপর অর্পিত দায়িত্ব পরিপালনে অবহেলার কারণে কোম্পানির আর্থিক ক্ষতি বা কোনোরূপ স্বার্থহানি হয়: তবে শর্ত থাকে যে, দফা (ক) ও (খ) এ উল্লিখিত কোনো পরিচালককে বাংলাদেশ ব্যাংক নোটিশ দ্বারা পরিশোধযোগ্য পাওনা পরিশোধ বা সম্পাদনযোগ্য কর্তব্য সম্পাদন করিতে নির্দেশ প্রদান করিবে এবং এইরূপ নোটিশ প্রাপ্তির ২ (দুই) মাসের মধ্যে উক্ত পরিচালক উহা পরিপালনে ব্যর্থ হইলে অবিলম্বে উক্ত পরিচালকের পদ শূন্য হইবে। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্ত হইলে, তিনি নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, সংশ্লিষ্ট বিষয়ে তাহার কোনো বক্তব্য থাকিলে এইরূপ বক্তব্য লিখিতভাবে বাংলাদেশ ব্যাংকের নিকট প্রেরণ করিতে পারিবেন এবং উহার একটি অনুলিপি নোটিশ প্রদানকারী ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, ব্যাংক-কোম্পানিতেও প্রেরণ করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রেরিত বক্তব্য প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক উহার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। (৫) এই ধারার অধীন কোনো পরিচালকের পদ শূন্য হইলে তাহার নিকট প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিতে তাহার শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায় করা হইবে এবং এইরূপ সমন্বয়ের পর যাহা অবশিষ্ট থাকিবে তাহা সরকারি পাওনা হিসাবে গণ্য হইবে এবং Public Demands Recovery Act. 1913 (Act III of 1913) এর অধীন আদায়যোগ্য হইবে। (৬) উপ-ধারা (১) এর অধীন কোনো পরিচালকের পদ শূন্য হইলে তিনি সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি প্রাপ্য সম্পূর্ণ অর্থ পরিশোধ করিবার তারিখ হইতে ১ (এক) বৎসরের মধ্যে কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক হইতে পারিবেন না তবে, এইরূপ খেলাপী ঋণগ্রহীতা ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতা হিসাবে চিহ্নিত হইলে ধারা ৩০ এর উপ-ধারা (১১) এর বিধান প্রযোজ্য হইবে। (৭) উপ-ধারা (১) এর অধীন ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালক নোটিশ প্রাপ্ত হইলে তাহার নিকট প্রাপ্য সকল পাওনা পরিশোধিত না হওয়া পর্যন্ত তিনি যেই ফাইন্যান্স কোম্পানিতে পরিচালক নিয়োজিত রহিয়াছেন সেই কোম্পানিতে তাহার নামে ধারণকৃত শেয়ার হস্তান্তর করিতে পারিবেন না। (৮) উপ-ধারা (১) এর অধীন নোটিশের কার্যক্রম চলমান থাকাকালীন সংশ্লিষ্ট পরিচালক স্বীয় পদ হইতে পদত্যাগ করিলে উক্ত পদত্যাগ কার্যকর হইবে না। (৯) এই ধারার অধীন গৃহীত কোনো ব্যবস্থা, আদেশ বা সিদ্ধান্ত সম্পর্কে কোম্পানি আইন এর ধারা ৩ এর অধীন এখতিয়ার সম্পন্ন আদালত ব্যতীত অন্য কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩