ধারা ১৯চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা
চতুর্থ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা
ধারা ১৯
19. চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা (১) কোনো ফাইন্যান্স কোম্পানি বা উহার আমানতকারীর স্বার্থে বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে নিম্নবর্ণিত কারণে, চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, যে নামেই অভিহিত হউক না কেন, অপসারণ করা প্রয়োজন, যথা:- (ক) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১২ সনের ৫ নং আইন) এর ধারা ২ এর দফা (ফ) এ সংজ্ঞায়িত মানিলন্ডারিং প্রতিরোধ; বা (খ) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০০৯ সনের ১৬ নং আইন) এর ধারা ২ এর দফা (১৬) এ সংজ্ঞায়িত সন্দেহজনক লেনদেন এবং ধারা ৭ এ উল্লিখিত সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধ রোধ; বা (গ) ফাইন্যান্স কোম্পানির যথাযথ পরিচালনা নিশ্চিতকরণ; বা (ঘ) বেনামি ঋণ মঞ্জুরকরণ বা কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার সহিত সংশ্লিষ্ট; বা (ঙ) যে কোনো ধরনের ক্ষতিকর কার্যক্রম রোধ; বা (চ) জনস্বার্থ; তাহা হইলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় শুনানির সুযোগ প্রদান করিয়া পৃথক বা যুগ্মভাবে তাহার বা তাহাদের পদ হইতে অপসারণ করিতে পারিবে। (২) বেনামি বা অস্তিত্ববিহীন বা নামসর্বস্ব বা ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত নহে বা গৃহীত ঋণ বা ঋণের অংশ উদ্দেশ্য বহির্ভূতভাবে ব্যবহার বা স্থানান্তর (siphon off) করিয়াছে এইরূপ কোম্পানির নামে শেয়ার ধারণ করিয়া কোনো ব্যক্তি কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পদে বহাল হইলে বা উহার উল্লেখযোগ্য শেয়ারধারক হইলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনোনীত কোনো ব্যক্তি পরিচালক হিসাবে কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদে বহাল থাকিলে বাংলাদেশ ব্যাংক তাহাকে পরিচালকের পদ হইতে অপসারণ করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন আদেশ প্রদানের পূর্বে আত্মপক্ষ সমর্থনের জন্য অনধিক ৩০ (ত্রিশ) দিনের সময় প্রদানপূর্বক নোটিশ প্রদান করিতে হইবে তবে, আমানতকারীর স্বার্থহানি হইবার আশঙ্কা থাকিলে নোটিশে উল্লিখিত সময়ে বা আত্মপক্ষ সমর্থনের জবাব বিবেচনাধীন থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে নিম্নরূপ নির্দেশ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ জারির তারিখ হইতে উক্ত ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করিতে পারিবেন না এবং উক্ত কোম্পানির ব্যবস্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করিতে পারিবেন না; এবং (খ) বাংলাদেশ ব্যাংক যোগ্য কোনো ব্যক্তিকে উক্ত কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সাময়িকভাবে নিযুক্ত করিতে পারিবে তবে, উক্ত নিযুক্তির মেয়াদ ১ (এক) বৎসরের অধিক হইবে না। (৪) কোনো ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-ধারা (১) ও (২) এর অধীন অপসারণের আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্যদের নিকট আবেদন করিতে পারিবেন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। (৫) কোনো ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-ধারা (১) ও (২) এর অধীন অপসারিত হইলে তিনি অপসারিত হইবার পরবর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে কোনো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা বা পরিচালনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত হইতে পারিবেন না। (৬) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে অথবা কোনো চুক্তিতে বা কোনো ফাইন্যান্স কোম্পানির সংঘ-স্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, উপ- ধারা (১) ও (২) এর অধীন অপসারিত চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা উক্তরূপ অপসারণের কারণে কোনো ক্ষতিপূরণ দাবি করিতে পারিবেন না। (৭) উপ-ধারা (১) ও (২) এর অধীন অপসারিত চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষতিকর কার্যকলাপের কারণে কোনো ফাইন্যান্স কোম্পানির আর্থিক ক্ষতি হইলে, তাহার নিকট হইতে ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য অর্থ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করিবে এবং এইরূপ গৃহীত ব্যবস্থা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে অবহিত করিবে।