ধারা ৩৭নিরীক্ষা।
ষষ্ঠ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি
ধারা ৩৭
37. নিরীক্ষা। (১) ফাইনান্সিয়াল রিপোটিং আইন, ২০১৫ (২০১৫ সনের ১৬ নং আইন), Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O No. 2 of 1973) বা আপাতত বলবৎ অন্য কোনো আইন অনুসারে কোম্পানির নিরীক্ষক হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি ফাইন্যান্স কোম্পানির আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য যোগ্য বলিয়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত হইলে, ধারা ৩৩ এর অধীন প্রস্তুতকৃত স্থিতিপত্র অনুসারে ফাইন্যান্স কোম্পানির লাভ-ক্ষতির হিসাব ও আর্থিক বিবরণী নিরীক্ষা করিতে পারিবে। (২) ফাইন্যান্স কোম্পানি বাৎসরিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণপূর্বক উপ-ধারা (১) এ উল্লিখিত নিরীক্ষক নিয়োগ করিবে এবং উক্ত নিরীক্ষক বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত নির্দেশনা ও কার্যপরিধি অনুযায়ী নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করিবে। (৩) ফাইন্যান্স কোম্পানি উপ-ধারা (২) এর অধীন নিরীক্ষক নিয়োগে অসমর্থ হইলে বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি উপ-ধারা (২) এর অধীন নিযুক্ত নিরীক্ষকের সহিত অপর একজন নিরীক্ষকের কাজ করার প্রয়োজন হয়, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত ফাইন্যান্স কোম্পানির জন্য নিরীক্ষক নিযুক্ত করিতে পারিবে এবং প্রদেয় নিরীক্ষা ফি নির্ধারণ করিয়া দিবে। (৪) যদি কোনো নিরীক্ষক নিম্নবর্ণিত বিষয়ে সন্তুষ্ট হন, তাহা হইলে তাৎক্ষণিকভাবে উক্ত বিষয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে অবহিত করিবেন, যথা:- (ক) এই আইনের বিধানসমূহ লঙ্ঘিত হইয়াছে বা পালন করা হয় নাই অথবা প্রতারণা বা অসততার দরুন কোনো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছে; (খ) লোকসানের দরুণ ফাইন্যান্স কোম্পানির মূলধন ৫০ (পঞ্চাশ) শতাংশের নিম্নে নামিয়া গিয়াছে; (গ) পাওনাদারগণের পাওনা প্রদানের নিশ্চয়তা বিঘ্নিত হওয়াসহ অন্য কোনো গুরুতর অনিয়ম ঘটিয়াছে; অথবা (ঘ) পাওনাদারগণের পাওনা পরিশোধের জন্য সম্পদ যথেষ্ট কিনা উক্ত বিষয়ে সন্দেহ রহিয়াছে। (৫) উপ-ধারা (২) ও (৩) এর অধীন নিযুক্ত নিরীক্ষক ব্যতিরেকে জনস্বার্থে প্রয়োজন মনে করিলে বাংলাদেশ ব্যাংক কার্যপরিধি নির্দিষ্ট করিয়া সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির নিজস্ব ব্যয়ে নিরীক্ষক, যাহা বিশেষ নিরীক্ষক বলিয়া বিবেচিত হইবে, নিয়োগ করিতে পারিবে। (৬) বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো ফাইন্যান্স কোম্পানির নিরীক্ষা কার্যে নিয়োজিত কোনো নিরীক্ষক তাহার দায়িত্ব পালনে অবহেলা করিয়াছে বা উহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট নিরীক্ষককে কোনো ফাইন্যান্স কোম্পানি নিরীক্ষার জন্য কেন অযোগ্য ঘোষণা করা হইবে না তদূমর্মে কারণ দর্শানোর সুযোগ প্রদান করিতে পারিবে। (৭) উপ-ধারা (৬) এর অধীন প্রদত্ত নিরীক্ষকের ব্যাখ্যায় সন্তুষ্ট না হইলে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সময়ে উহা ব্যাখ্যা প্রদান না করিলে, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট নিরীক্ষককে অনধিক ২ (দুই) বৎসরের জন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক-কোম্পানি নিরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করিতে পারিবে। (৮) উপ-ধারা (৭) এর অধীন কোনো ঘোষণার ফলে সংক্ষুদ্ধ নিরীক্ষক উক্ত ঘোষণার ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের নিকট আপিল করিতে পারিবে এবং এতদবিষয়ে উক্ত পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।