Skip to content

পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩

ধারা ৯কোর্ট অব সেটেলমেন্টের ক্ষমতা ও কার্যপদ্ধতি

বলবৎ

ধারা ৯

9. কোর্ট অব সেটেলমেন্টের ক্ষমতা ও কার্যপদ্ধতি (১) এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে, দেওয়ানি কার্যবিধির বিধানাবলি কোর্ট অব সেটেলমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। (২) কোনো আবেদনের শুনানির উদ্দেশ্যে, কোনো দেওয়ানি আদালত দেওয়ানি কার্যবিধির অধীন বিচার কার্য পরিচালনায় যেরূপ ক্ষমতা প্রয়োগ করিয়া থাকে, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোর্ট অব সেটেলমেন্টের সেইরূপ সকল ক্ষমতা থাকিবে, যথা:̶ (ক) কোনো ব্যক্তিকে সমন প্রদান এবং তাহাকে উপস্থিত হইতে বাধ্য করা এবং শপথ সহকারে তাহার পরীক্ষা গ্রহণ; (খ) কোনো দলিল অনুসন্ধান ও দাখিল; (গ) সাক্ষ্য বা হলফনামা গ্রহণ; (ঘ) কোনো অফিস হইতে কোনো সরকারি রেকর্ড বা কপি তলব; (ঙ) সাক্ষ্য বা দলিলাদি পরীক্ষার জন্য কমিশন নিয়োগ। (৩) কোর্ট অব সেটেলমেন্টের যেকোনো কার্যক্রম Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 193 এর অর্থের আওতায় বিচারিক কার্যক্রম বলিয়া গণ্য হইবে। (৪) সরকার যেরূপ স্থান নির্ধারণ করিবে সেইরূপ স্থানে কোর্ট অব সেটেলমেন্টের অধিবেশন বসিবে। (৫) কোর্ট অব সেটেলমেন্ট যেরূপ প্রয়োজন মনে করিবে সেইরূপ তদন্ত কার্য পরিচালনার পর এবং সংশ্লিষ্ট পক্ষগণকে যুক্তিসংগত শুনানির সুযোগ প্রদান করিয়া তাহাদের দাখিলকৃত মৌখিক ও দালিলিক সাক্ষ্য প্রমাণ, যদি থাকে, তাহা বিবেচনাপূর্বক আবেদনকারীর আবেদনের উপর যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সিদ্ধান্ত প্রদান করিবে। (৬) কোর্ট অব সেটেলমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি একই আদালতে পুনর্বিবেচনার (review) আবেদন করিতে পারিবে এবং পুনর্বিবেচনার সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৭) কোর্ট অব সেটেলমেন্টের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকল পক্ষের উপর বাধ্যকর হইবে এবং তৎসম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। (৮) কোর্ট অব সেটেলমেন্টর প্রদত্ত কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করা যাইবে না।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩