ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ২৭একাডেমিক কাউন্সিল
ধারা ২৭
27. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:— (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল উপ-উপাচার্য; (গ) সকল হেড অব স্কুল; (ঘ) সকল ডিসিপ্লিনের চেয়ারম্যান; (ঙ) উপাচার্য কর্তৃক প্রত্যেক বিভাগ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন অধ্যাপক; (চ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন সহযোগী অধ্যাপক, ১ (এক) জন সহকারী অধ্যাপক ও ১ (এক) জন প্রভাষক; (ছ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (জ) চেয়ারম্যান, আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটি; (ঝ) সংযুক্ত ৭ (সাত) কলেজের ৭ (সাত) জন অধ্যক্ষ; (ঞ) আচার্য কর্তৃক মনোনীত দেশের ৫ (পাঁচ) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ট) সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে আচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশিষ্ট গবেষক; (ঠ) সকল উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর; (ড) পরীক্ষা নিয়ন্ত্রক; এবং (ঢ) রেজিস্ট্রার। (২) রেজিস্ট্রার, একাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৩) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যেকোনো সময় একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন: আরও শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, কোনো সদস্য যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন, তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।