Skip to content

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬

ধারা ২৮একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎ

ধারা ২৮

28. একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব (১) একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক সংস্থা হইবে এবং এই আইন, সংবিধি ও বিধিমালা সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচি ও তদ্‌সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন, শিক্ষণ, প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের জন্য দায়ী থাকিবে এবং এইসকল বিষয়ের উপর ইহার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান ক্ষমতা থাকিবে, এবং ইহা শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে। (২) একাডেমিক কাউন্সিল এই আইন, কমিশন আদেশ, সংবিধির বিধানাবলি এবং উপাচার্য ও সিন্ডিকেটের ক্ষমতা সাপেক্ষে শিক্ষাক্রম, পাঠ্যক্রম এবং শিক্ষাদান, গবেষণা ও পরীক্ষা বা মূল্যায়নের সঠিক মান নির্ধারণের জন্য প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে। (৩) ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের উপর অর্পিত ক্ষমতাসাপেক্ষে, একাডেমিক কাউন্সিলের নিম্নরূপ ক্ষমতা থাকিবে, যথা:— (ক) সংযুক্ত কলেজসহ বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠদান প্রক্রিয়া নির্ধারণ; (খ) কলেজ, স্কুল, ডিসিপ্লিন ও কেন্দ্রের শিক্ষা, গবেষণা ও পরীক্ষার মান নির্ণয় এবং ছাত্র ভর্তি, ডিগ্রি ও পরীক্ষার শর্তাবলি নির্ধারণ, পরীক্ষা অনুষ্ঠান, পরীক্ষার ফলাফল প্রকাশ, ছাত্রদের মধ্যে শৃঙ্খলা ও তদ্‌সম্পর্কে শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণার সহিত সম্পৃক্ত সকল বিষয়ে প্রবিধান প্রণয়ন; (গ) অন্যান্য বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ডিগ্রির স্বীকৃতি ও সমমান নির্ধারণ; (ঘ) কোনো কোর্স হইতে কোনো ছাত্র বা পরীক্ষার্থীকে অব্যাহতি দান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (ঙ) সংশ্লিষ্ট কমিটিসমূহের সুপারিশক্রমে কোর্স ও সিলেবাস নির্ধারণ, প্রত্যেক কোর্সের জন্য পরীক্ষক প্যানেল অনুমোদন, গবেষণা ডিগ্রির জন্য গবেষণা প্রস্তাব অনুমোদন এবং এইরূপ প্রত্যেক বিষয়ের পরীক্ষার জন্য পরীক্ষক নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (চ) শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধিসংক্রান্ত নীতি নির্ধারণী বিষয়ে সিন্ডিকেটের নিকট প্রস্তাব পেশ এবং প্রশিক্ষণ ও ফেলোশিপ প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ; (ছ) সংযুক্ত কলেজসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানসমূহের গুণগত উৎকর্ষ বৃদ্ধি ও তাহা সংহত করিবার লক্ষ্যে বিধিবিধান প্রণয়ন এবং দেশ-বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহিত যোগসূত্র বা যৌথ কার্যক্রম গ্রহণ করিবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (জ) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ব্যবহার ও উন্নয়নের জন্য বিধি প্রণয়ন; (ঝ) সকল ধরনের শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি বা সাময়িকভাবে স্থগিতকরণ প্রস্তাব বিবেচনা এবং সিন্ডিকেটের নিকট এতদ্‌সম্পর্কে সুপারিশকরণ; (ঞ) সিন্ডিকেটের অনুমোদনের জন্য সকল একাডেমিক ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রবিধানমালা প্রণয়ন; (ট) সকল প্রকার ছাত্রবৃত্তি, পদক ও পুরস্কার প্রদান বিষয়ে উদ্যোগ গ্রহণ; (ঠ) শিক্ষা ও গবেষণাসংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান; (ড) শিক্ষাসংক্রান্ত বিষয়ে বিধিমালা প্রণয়নের জন্য সিন্ডিকেটের নিকট সুপারিশ পেশ করা; (ঢ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গবেষণায় নিয়োজিত ব্যক্তিদের নিকট হইতে গবেষণা প্রতিবেদন তলব করা এবং তদ্‌সম্পর্কে সিন্ডিকেটের নিকট সুপারিশ করা; এবং (ণ) শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। (৪) একাডেমিক কাউন্সিল সংবিধি দ্বারা এবং সিন্ডিকেট কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিবে৷

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬