Skip to content

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬

ধারা ৬বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎ

ধারা ৬

6. বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও দায়িত্ব এই আইনের বিধান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:— (ক) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজে শিক্ষাদানের জন্য পাঠ্যক্রম নির্ধারণ ও পরীক্ষা গ্রহণ করা; (খ) জ্ঞান-বিজ্ঞানের যেকোনো শাখায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের সৃজন, উৎকর্ষ সাধন ও বিতরণের ব্যবস্থা করা; (গ) কর্মদক্ষ জনসম্পদ সৃষ্টির জন্য আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কোর্স প্রণয়ন ও পরিচালনা করা; (ঘ) বিশ্ববিদ্যালয়ে অথবা সংযুক্ত কলেজে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যক্রম বা কোর্স অধ্যয়ন সম্পন্ন করিয়াছেন এবং সংবিধির শর্তানুযায়ী গবেষণা কাজ সম্পন্ন করিয়াছেন এইরূপ ব্যক্তিগণের অধ্যয়নকৃত বা গবেষণাকৃত বিষয়বস্তুর মূল্যায়ন এবং ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ইত্যাদি প্রদান করা; (ঙ) সংবিধিতে বিধৃত পদ্ধতিতে সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মাননা প্রদান করা; (চ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে তদ্‌কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দেশে-বিদেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা ও যৌথ কর্মসূচি গ্রহণ করা; (ছ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও ইমেরিটাস অধ্যাপকের পদসহ গবেষক, কর্মকর্তা ও কর্মচারীর যেকোনো পদ সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই সকল পদে নিয়োগ প্রদান করা; (জ) শিখন, প্রশিক্ষণ ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে একাডেমিক মিউজিয়াম, পরীক্ষাগার, গ্রন্থাগার, ওয়ার্কশপ, স্কুল, কেন্দ্র, ডিপার্টমেন্ট, ইনকিউবিশন সেন্টার ও অন্যান্য সংস্থা প্রতিষ্ঠা বা, ক্ষেত্রমতো, রক্ষণাবেক্ষণ, সম্প্রসারণ, একত্রীকরণ ও বিলোপ সাধন করা; (ঝ) বিধি দ্বারা নির্ধারিত ফি ধার্য ও আদায় করা; (ঞ) বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া, সম্পাদনকৃত চুক্তি বাস্তবায়ন করা, চুক্তির শর্ত পরিবর্তন করা অথবা চুক্তি বাতিল করা; (ট) শিক্ষা ও গবেষণার উন্নতি ও অগ্রগতির জন্য পুস্তক ও নিয়মিত জার্নাল প্রকাশ করা এবং দেশে-বিদেশে গবেষণা প্রতিষ্ঠানের সহিত এতদ্‌বিষয়ে যোগাযোগ স্থাপন ও রক্ষা করা; (ঠ) শিক্ষা ও গবেষণার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং শিল্প-কারখানার যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা; (ড) শিক্ষার গুণগত মান সুষমকরণ ও উন্নয়নকল্পে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী-শিক্ষকের সুষম আনুপাতিক হার সংরক্ষণ করা; (ঢ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একাডেমিক দক্ষতা ও সংশ্লিষ্ট অন্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা; (ণ) সংযুক্ত কলেজের শিক্ষকগণের জন্য চাকরিকালীন ও গবেষণামূলক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা; (ত) সংযুক্ত কলেজসমূহে শিক্ষা সহায়ক পরিবেশ, যেমন- উপকরণ, অবকাঠামো ও অন্যান্য বিষয় উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা; (থ) সংযুক্ত কলেজসমূহের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয়ভাবে উচ্চতর ডিগ্রি, যেমন- এমফিল, পিএইচডি, ইত্যাদি এবং অন্যান্য বিশেষায়িত কোর্স পরিচালনা করা; (দ) অবকাঠামোগত সুবিধাদি বিবেচনাক্রমে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে ও তদ্‌কর্তৃক নির্ধারিত শর্তে এই আইনে উল্লেখ নাই এইরূপ একাডেমিক প্রোগ্রাম চালু করা; (ধ) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজের শিক্ষার্থীদের আবাসনের উদ্দেশ্যে আবাসিক হল প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা; (ন) ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা; (প) ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা করা; এবং (ফ) সংবিধি দ্বারা অর্পিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করা।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬