ধারা ৩৫বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ধারা ৩৫
35. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সার্বক্ষণিকভাবে নিয়োজিত হইবেন: তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কার্যক্রম যাহাতে অসুবিধার সম্মুখীন না হয়, সে লক্ষ্যে ভাইস চ্যান্সেলর দেশে-বিদেশের দক্ষ শিক্ষককে ভিজিটিং প্রফেসর বা খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ করিতে পারিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ- (ক) বক্তৃতা, টিউটোরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে-কলমে প্রদর্শন, কর্মশিবির, কর্মশালা এবং অন্যান্য আধুনিক শিখন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীগণের শিক্ষাদান পরিচালনা করিবেন; (খ) গবেষণা পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন; (গ) শিক্ষার্থীগণের সহিত ব্যক্তিগতভাবে যোগাযোগ করিবেন, তাহাদিগকে দিকনির্দেশনা প্রদান করিবেন, তাহাদের কার্যক্রম তদারক করিবেন এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করিবেন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের এবং উহার অনুষদ ও অন্যান্য সহশিক্ষা সংস্থার পাঠ্ক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে, পরীক্ষা নির্ধারণে ও পরিচালনায়, পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়নে এবং গ্রন্থাগার, পরীক্ষাগার, অন্যান্য শিক্ষা ও সহশিক্ষা কার্যাবলির সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা প্রদান করিবেন; (ঙ) ভাইস চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে পরামর্শক (Consultant) বা খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করিতে পারিবেন, তবে অনুরূপ কাজের জন্য প্রাপ্ত পারিতোষিকের ১০ (দশ) শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা প্রদান করিতে বাধ্য থাকিবেন: তবে শর্ত থাকে যে, তিনি কোনোভাবেই একই সময়ে একের অধিক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রমে নিয়োজিত থাকিতে পারিবেন না; এবং (চ) সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর, ডিন ও বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য সম্পাদন ও দায়িত্ব পালন করিবেন।