Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ৬চেয়ারপার্সন ও কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

ধারা ৬

6. চেয়ারপার্সন ও কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ ইত্যাদি (১) রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে, কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারগণকে নিয়োগ করিবেন। (২) বিষয়ভিত্তিক ও পেশাগত বৈচিত্র্যের ভিত্তিতে আইন, বিচার, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, মানবকল্যাণ, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত এক বা একাধিক বিষয়সহ মানবাধিকারের উন্নয়ন বা বাস্তবায়নে অন্যূন ১৫ (পনেরো) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে চেয়ারপার্সন ও কমিশনার নিযুক্ত হইবেন। (৩) পেশাগত জীবনে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মানবাধিকার রক্ষা, সততা ও শুদ্ধাচার পালনে দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন এমন ব্যক্তিকে চেয়ারপার্সন ও কমিশনার হিসাবে নিয়োগে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া হইবে। (৪) কোনো ব্যক্তি চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগ লাভে অযোগ্য হইবেন, যদি- তিনি বাংলাদেশের নাগরিক না হন; তিনি ঋণখেলাপি সাব্যস্ত বা দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি না পাইয়া থাকেন; তিনি সংসদ-সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত পদাধিকারী, কোনো রাজনৈতিক দলের সদস্য হন অথবা, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং কমিশনের চেয়ারপার্সন বা কমিশনার পদে মনোনীত হইলে উক্ত পদ হইতে পদত্যাগ করিবার বা, ক্ষেত্রমত, স্ব স্ব প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রেষণ, লিয়েন বা অবৈতনিক ছুটি গ্রহণের অঙ্গীকার না করেন; তিনি মানবাধিকার লঙ্ঘন বা নৈতিক স্খলন বা কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক অথবা কর্মক্ষেত্রে শৃঙ্খলা-বিরোধী কোনো কাজের জন্য বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত হইয়া থাকেন। (৫) কমিশনের চেয়ারপার্সন এবং কমিশনারগণ অনধিক ৫ (পাঁচ) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, একই ব্যক্তি চেয়ারপার্সন বা কমিশনার হিসাবে বা উভয় পদ মিলিয়ে ২ (দুই) মেয়াদ দায়িত্ব পালন করিলে, তিনি পুনরায় চেয়ারপার্সন বা কমিশনার হিসাবে নিয়োগ লাভ করিবেন না। (৬) উপ-ধারা (৫) এর অধীন নির্ধারিত মেয়াদ শেষ হইবার পূর্বে চেয়ারপার্সন বা কোনো কমিশনার রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যেকোনো সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৭) চেয়ারপার্সনের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে চেয়ারপার্সন তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নবনিযুক্ত চেয়ারপার্সন তাহার পদে যোগদান না করা পর্যন্ত কিংবা চেয়ারপার্সন পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত বয়োজ্যেষ্ঠ কমিশনার চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬