জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৭বাছাই কমিটি
দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
ধারা ৭
7. বাছাই কমিটি (১) চেয়ারপার্সন ও কমিশনারগণের নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠিত হইবে, যথা:- (ক) জাতীয় সংসদের স্পীকার, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঘ) জাতীয় সংসদের ২ (দুই) জন সংসদ-সদস্য, যাহাদের মধ্যে একজন সরকারি দল কর্তৃক এবং অন্যজন বিরোধী দল কর্তৃক মনোনীত হইবেন; (ঙ) মন্ত্রিপরিষদ সচিব; (চ) বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও মানবাধিকার বিষয়ে গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত হইবেন; (ছ) মানবাধিকার, বিশেষ করে, নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত ১ (এক) জন নাগরিক প্রতিনিধি, যিনি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হইবেন; (জ) জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা তদকর্তৃক মনোনীত মানবাধিকার বিষয়ে সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক প্রতিনিধি; (ঝ) নৃ-গোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্য হইতে তাহাদের অধিকার রক্ষায় কাজ করিবার অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত ১ (এক) জন প্রতিনিধি, যিনি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হইবেন। (২) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করিবে। (৩) অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হইবে। (৪) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেনো, বাছাই কমিটির সভাপতির অবর্তমানে বা অনুপস্থিতিতে কমিটির সভায় উপস্থিত সদস্যগণের সম্মতিতে অন্য কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৫) চেয়ারপার্সন ও কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বাছাই কমিটি সুপারিশ প্রণয়ন করিবে এবং সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্ত প্রদানের অধিকার থাকিবে। (৬) বাছাই কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।