Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ২৯গুম হওয়া ব্যক্তির স্বামী বা স্ত্রী বা সন্তান কর্তৃক সম্পত্তি ব্যবহারের অনুমতি

বলবৎ

ধারা ২৯

29. গুম হওয়া ব্যক্তির স্বামী বা স্ত্রী বা সন্তান কর্তৃক সম্পত্তি ব্যবহারের অনুমতি (১) গুম হওয়া ব্যক্তির দায় পরিশোধ, তাহার স্বামী বা স্ত্রী বা তাহার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণ বা অন্য কোনো যৌক্তিক ব্যয় নির্বাহের উদ্দেশ্য গুম হওয়া ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যবহার বা হস্তান্তর করিবার নিমিত্ত, তাহার স্বামী বা স্ত্রী বা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্যের আবেদন অনুসারে, এখতিয়ারসম্পন্ন আদালত যুক্তিসঙ্গত পরিমাণ ব্যয় নির্বাহ করিবার উদ্দেশ্য তাহার সম্পত্তি ব্যবহার বা হস্তান্তরের জন্য গুম সনদ ইস্যুসহ অনুমতি প্রদান করিতে পারিবে এবং সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে অন্য যেকোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে। (২) এই আইনের অধীন দায়েরকৃত কোনো মামলায় বা এতদুদ্দেশ্যে দায়েরকৃত কোনো কার্যধারায় এখতিয়ারসম্পন্ন আদালত উক্তরূপ আদেশ প্রদান করিতে পারিবে। (৩) সাক্ষ্য আইনের section 108 এ যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে গুম হওয়া ব্যক্তি অন্যূন ৫ (পাঁচ) বছর ধরিয়া গুম থাকেন এবং জীবিত ফিরিয়া না আসেন, সেইক্ষেত্রে এখতিয়ারসম্পন্ন আদালত, উক্ত ব্যক্তির যেকোনো বৈধ উত্তরাধিকারের আবেদনের পরিপ্রেক্ষিতে, আদেশ প্রদানের সময় উক্ত ব্যক্তির বিদ্যমান সম্পত্তি বৈধ উত্তরাধিকারগণের মধ্যে বণ্টনযোগ্য মর্মে ঘোষণা প্রদান এবং এই মর্মে গুম সনদ প্রদান করিতে পারিবে। (৪) এই ধারার অধীন আবেদনপত্র এবং গুম সনদের ধরন ও পদ্ধতি বিধি দ্বারা নির্ধারণ করা যাইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত উক্ত বিষয়সমূহ এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক নির্ধারিত হইবে। ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘গুম হওয়া ব্যক্তি’ অর্থ সেই ব্যক্তি, যিনি এস.আর.ও. নম্বর ৩১২-আইন/২০২৪, তারিখ ১৫-০৯-২৪ এর অধীন গঠিত কমিশনের অনুসন্ধান কার্যক্রমে, অথবা এই আইনের অধীন দায়েরকৃত কোনো মামলায় গৃহীত তদন্ত প্রতিবেদনে বা প্রদত্ত রায়ে গুম হইয়াছেন মর্মে সাব্যস্ত হইয়াছেন এবং এই ধারায় এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক আদেশ প্রদানের পূর্ব পর্যন্ত জীবিত ফিরিয়া আসেন নাই এইরূপ ব্যক্তিকে বুঝাইবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬